সন্ধান২৪.কমঃ টিভি ব্যক্তিত্ব দিমা নেফারতিতি এবং লেখক মুনিয়া মাহমুদের যৌথ উদ্যোগে “নারীর ক্ষমতায়ন” শীর্ষক মুক্ত আলোচনা ও সম্প্রতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জ্যামাইকার ধানসিঁড়ি রেস্তোরাঁয় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত নিউজ ব্রডকাস্টারস এলায়েন্সের প্রেসিডেন্ট মুমতাহিনা হাসনাত রীতু এবং ট্রান্সজেন্ডার রাইটস একটিভিস্ট হোচেমিন ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন লেখক লিজি রহমান, শ্রী চিন্ময় সেন্টারের এক্সিকিউটিভ মেম্বার ও পিস এক্টিভিস্ট চন্ডিকা কাপালিকা, লেখক শেলী জামান খান, ডা. নাসরিন কাদের, সমাজসেবী শামীমা, তরুণ প্রজন্মের প্রতিনিধি রাইয়ান সামাদ এবং আইজমান সামাদ।
অনুষ্ঠানে “গ্রেস ফর অল” ফাউন্ডেশনের সিইও দিমা নেফারতিতি গ্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে তার আম্মা মরহুমা মমতাজ শিরিন এর স্মরণে “মমতাজ শিরিন এওয়ার্ড অব এক্সেলেন্স” তুলে দেন মুমতাহিনা হাসনাত রীতু এবং হোচেমিন ইসলাম এর হাতে।
দিমা নেফারতিতি জানান, তার আম্মার স্মৃতিতে এই সম্মাননা প্রদান মূলত একটি অনুপ্রেরণামূলক পদক্ষেপ।
লেখক মুনিয়া মাহমুদ জানান,“নারীর ক্ষমতায়নের সূত্রপাত হয় পরিবার থেকে। একজন নারী তার সংসার এবং পরিবারের মূল চালিকা শক্তি। নারীর শিক্ষা, সাংস্কৃতিক বিকাশ, সিদ্ধান্ত নেবার দক্ষতাই পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্রকে মহিমান্বিত করতে পারে।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি ট্রান্সজেন্ডার রাইটস একটিভিস্ট এবং বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার নার্স হোচেমিন ইসলাম “নারীর ক্ষমতায়ন” শীর্ষক মুক্ত আলোচনা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে তার দীর্ঘ লড়াইয়ের অভিজ্ঞতা তুলে ধরেন। হোচেমিন বলেন, “বাংলাদেশের সমাজ এখনো ট্রান্সজেন্ডার কিংবা হিজড়া কমিউনিটিকে শতভাগ বিলং করতে পারেনি। তাই আমাদের আরো অনেক লড়াই বাকী আছে। প্রতিটি আলোকিত মানুষের আন্তরিক সহযোগিতাই আমাদের পথকে মসৃণ করবে।”