জর্জিয়ায় বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী মাহফুজ নিহত

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় বুধবার অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমেদ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত এই বাংলাদেশি আমেরিকান ব্যবসায়ীর বয়স হয়েছিল ৫০ বছর। নিহতের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মাহফুজ আহমেদ বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে আটলান্টায় বসবাস করতেন। তিনি ১০ বছর আগে যুক্তরাষ্ট্রে আসেন।
সূত্রটি জানায়, বুধবার সন্ধ্যায় আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমেদ তাঁর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার সময় অজ্ঞাত বন্দুকধারী তাঁকে গুলি করে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমেদের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলায়।

আটলান্টায় বসবাসকারী মাহফুজ আহমেদের মৃত্যুতে সেখানকার বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

Exit mobile version