ছয় বছর পর জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন তারকারা। আগামী ১১ মে দীর্ঘ অপেক্ষার অবসান হবে। সেদিন কয়েক বছর ধরে জমে থাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পুরস্কার একসঙ্গে দেওয়া হবে।
ক্রীড়াঙ্গনে অবদান রাখার জন্য ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের জাতীয় পুরস্কার দিয়ে থাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
ওসমানী মিলনায়তনে ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত ক্রীড়া পুরস্কার দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হবেন।
মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে এক সভা শেষে প্রতিমন্ত্রী বলেন, ১১ মে ২০১৩-২০ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্ট খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মাঝে জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন।
শেষবার ২০১৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয়েছিল। সেই অনুষ্ঠানে ২০১২ সাল পর্যন্ত পুরস্কার দেওয়া হয়। জানা গেছে, ২০২০ সালের পরবর্তী বছরের পুরস্কার দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মন্ত্রণালয়।


