সন্ধান২৪.কম ডেস্ক : লিভারের সমস্যার ক্ষেত্রে তেলমশলাযুক্ত খাবার শেষ কথা নয়। ঘন ঘন বেদনানাশক ওষুধ খাওয়ার অভ্যাসও কিন্তু অজান্তেই লিভারের ক্ষতি করছে। সতর্ক না হলেই বিপদ।
লিভার ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। লিভারের অসুখের ক্ষেত্রে প্রাথমিক অবস্থাতেই ধরা পড়া খুব জরুরি। লিভারের সমস্যা দেখা দিতে পারে বিভিন্ন কারণে। সেই কারণগুলির মধ্যে অন্যতম মদ্যপান। এ ছাড়াও তেলমশলাযুক্ত খাবার খাওয়া, বাইরের খাবারের প্রতি অগাধ ভালবাসা, জল কম খাওয়া, ঘন ঘন নরম পানীয় খাওয়া— এমন বিভিন্ন কারণে লিভারের অসুখ ধরা পড়ে। তবে লিভারের সমস্যার ক্ষেত্রে এগুলিই শেষ কথা নয়। ঘন ঘন বেদনানাশক ওষুধ খাওয়ার অভ্যাসও কিন্তু অজান্তেই লিভারের ক্ষতি করছে। সতর্ক না হলেই বিপদ।
মু্ম্বই নিবাসী চিকিৎসক ভূষণ ভোলের মতে, ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহারে লিভারের ব্যাপক ক্ষতি হতে পারে। চিকিৎসকের মতে, লিভারের ক্ষতি নির্ভর করবে আপনি কোন ধরনের ব্যথানাশক খাচ্ছেন, কতটা পরিমাণে খাচ্ছেন এবং আপনার অন্য কোনও শারীরিক সমস্যা আছে কি না, তার উপর। তিনি বলেন, ‘‘কিছু নির্দিষ্ট ধরনের ব্যথানাশক ওষুধ অতিরিক্ত মাত্রায় বা দীর্ঘ সময় ধরে খেলে তা লিভারের ক্ষতি করতে পারে। এ ক্ষেত্রে প্যারাসিটামল সবচেয়ে বেশি ক্ষতিকারক। চিকিৎসকের পরামর্শ মেনে খেলে এটি সাধারণত নিরাপদ। কিন্তু দৈনিক নির্ধারিত সীমা অতিক্রম করলে কিংবা অজান্তে প্যারাসিটামলযুক্ত একাধিক ওষুধ একসঙ্গে সেবন করলে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে। এ ক্ষেত্রে ‘অ্যাকিউট লিভার ফেলিয়োর’ বা লিভার বিকল হয়ে পড়ার মতো পরিস্থিতিও সৃষ্টি হতে পারে।’’
