টপলি এখন ইংল্যান্ডের ‘টপ’

২০১৯ সালের ১৪ জুলাই লর্ডসে মহাকাব্যিক ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে নিজেদের ইতিহাসের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। সেই কীর্তির তিন বছর পূর্তির দিনে সেই লর্ডসেই ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারের শঙ্কায় পড়েছিল ইংলিশরা।

কিন্তু রেকর্ড গড়া বোলিংয়ে পাশার দান উলটে দিলেন রিস টপলি। এই বাঁ-হাতি পেসারের তোপের মুখে ২৪৬ রান তাড়ায় ভারত অলআউট ১৪৬ রানে। দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ১০০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল ইংল্যান্ড। আগামীকাল ম্যানচেস্টারে সিরিজের শেষ ম্যাচটি এখন অলিখিত ফাইনাল।

জাসপ্রিত বুমরার ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে বুমরার মতোই ছয় উইকেট নিয়ে স্বাগতিকদের সিরিজে টিকিয়ে রাখলেন রিস টপলি। প্রায় সাত বছরের ওয়ানডে ক্যারিয়ারে এর আগে কখনোই পাঁচ উইকেট পাননি তিনি।

সেই টপলি এখন সবাইকে ছাড়িয়ে ইংল্যান্ডের ‘টপ’! তার ২৪ রানে ছয় উইকেট ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসের সেরা বোলিং ফিগার।

আগের রেকর্ড ছিল ২০০৫ সালে বাংলাদেশের বিপক্ষে পল কলিংউডের ৩১ রানে ছয় উইকেট। এছাড়া লর্ডসে সেরা বোলিংয়ের রেকর্ডে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিকে (৬/৩৫) পেছনে ফেলেছেন টপলি। তার আগুনে বোলিংয়ে ৩১ রানে চার উইকেট হারানো ভারত আর ম্যাচে ফিরতে পারেনি। সর্বোচ্চ ২৯ রান করেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা।

এর আগে যুজবেন্দ্র চাহালের দারুণ বোলিংয়ে (৪/৪৭) এক ওভার বাকি থাকতে ২৪৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। সর্বোচ্চ ৪৭ রান আসে মঈন আলীর ব্যাট থেকে। শেষ পর্যন্ত অবশ্য ইংলিশ ব্যাটারদের ওই পারফরম্যান্সকেই যথেষ্টের চেয়ে বেশি কিছু প্রমাণ করেন ম্যাচসেরা টপলি।

Exit mobile version