টাকার মান আরও কমিয়ে ডলারের এক রেট বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাংক

আন্তঃব্যাংক লেনদেনে ডলারের এক রেট বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলারের বিপরীতে টাকার মান ১ টাকা ১০ পয়সা কমিয়ে ৮৯ টাকা করা হয়েছে। অর্থাৎ এখন থেকে বাজারে প্রতি ডলার বিক্রি হবে ৮৯ টাকায়। এছাড়া আমদানি ও রপ্তানি বিল সমন্বয়ে বিসি হার দর করা হয়েছে ৮৯ টাকা ১৫ পয়সা। ডলারের দাম বৃদ্ধির পেক্ষাপটে গত সপ্তাহে প্রতি ডলার ৮৭ টাকা ৯০ পয়সা নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক। তবে বাজার নিয়ন্ত্রণে না আসায় গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এক বৈঠকে ডলারের এক রেট বেঁধে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম জানান, নির্দেশনা মেনে সোমবার থেকে ব্যাংকগুলো নির্ধারিত দরে ডলার কেনাবেচা করবে।

চাহিদা সংকটে ঊর্ধ্বমুখী ডলারের দামের অস্থিরতা কমাতে বেশ কিছু দিন থেকেই টাকার মান অবমূল্যায়ন করা হচ্ছে। এ নিয়ে চলতি মাসে চতুর্থ দফায় ডলারের দাম বাড়ানো হলো। মে মাসে প্রথম দফায় দর বাড়ানো হয়েছিল ৯ই মে। সেদিন ডলারের বিনিময় মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়।

এর আগে এ বিনিময় হার ছিল ৮৬ টাকা ৪৫ পয়সা। গত ২৩শে মে তৃতীয়বারের মত ডলারের বিপরীতে টাকার দর ৪০ পয়সা বাড়িয়ে আন্তঃব্যাংক লেনদেনে নির্ধারণ করা হয় ৮৭ টাকা ৯০ পয়সা, যা রোববার পর্যন্ত কার্যকর ছিল। তবে ব্যাংকগুলোই এ দর মানছে না বলে অভিযোগ রয়েছে।
এমন প্রেক্ষাপটে ডলার সংকট নিরসনে বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর ফজলে কবির বৈঠক করেন টাকার বিপরীতে ডলারের বিনিময় হার নির্ধারণকারী সংগঠন বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলার’স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস, বাংলাদেশ (এবিবি) এর প্রতিনিধিদের সঙ্গে। সেদিন ব্যাংকগুলো ডলার নিয়ে অস্থিরতা কমাতে একই দরে ডলার কেনাবেচা করতে সম্মত হয়। পাশাপাশি ডলারের দর নিয়মিত নির্ধারণে বাফেদা নিজেদের মধ্যে আলোচনা করে কেন্দ্রীয় ব্যাংককে প্রস্তাব দেয়ার কথা জানায়। বৈদেশিক মুদ্রা বিনিময় নীতিমালার আলোকে সংগঠনটি এ হার নির্ধারণ করবে, যা ব্যাংকগুলোর সব এডি শাখা মেনে চলবে।

Exit mobile version