সন্ধান২৪.কম : আবারও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি এখন করোনাভাইরাস পরবর্তী সেকেন্ডারি নিউমোনিয়ায় ভুগছেন। গতকাল মঙ্গলবার বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জিআর কভিড-১৯ র্যাপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিবুল্লাহ খোন্দকারের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সপ্তাহে তিনবার ডায়ালিসিসনির্ভর বিকল কিডনি রোগী হিসেবে দীর্ঘ এক মাস রোগ ভোগের কারণে জাফরুল্লাহ চৌধুরীর শরীর দুর্বল। স্বরযন্ত্রে প্রদাহের কারণে বর্তমানে তাঁর কথা বলা নিষেধ। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত, দেশের হাজারো মানুষের দোয়া এবং সীমাহীন মানসিক দৃঢ়তায় তিনি রোগের সঙ্গে লড়ে যাচ্ছেন।’ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আবদুল্লাহ গত সোমবার জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে গিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত জানাতে বলেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
