সন্ধান২৪.কম: শনিবার (২৮ আগস্ট) শুক্রবার সন্ধ্যায় এক ক্রিকেটার নিহত হয়েছেন রাজধানীর ফার্মগেট এলাকায় বাসচাপায় । নিহত শহীদুল ইসলাম নিরব (৩২) কলাবাগান ক্রীড়া চক্রের প্রথম বিভাগের খেলোয়াড় ছিলেন।
তেজগাঁও থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম বলেন, এ ঘটনায় বাস জব্দ করা হয়েছে। একই কোম্পানির অন্য এক চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, আজ সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে কারওয়ানবাজার এলাকা থেকে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন নিরব। তার মোটরসাইকেলে নবীন নামে আরেক আরোহী ছিলেন। বাসের ধাক্কায় তারা রাস্তায় ছিটকে পড়েন। বাসের পেছনের চাকায় চাপা পড়েন নিরব। তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই সাগর খান জানান, কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন নীরব। তাদের বাবার নাম আবুল কালাম খান। নীরব বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নানা রকম টুর্নামেন্টে খেলতেন। গতকাল সন্ধ্যায় তিনি ওষুধ কেনাসহ কিছু ব্যক্তিগত প্রয়োজনে ফার্মগেট এলাকায় যাচ্ছিলেন। সেখান থেকে তার বাড়িতে ফেরার কথা ছিল।
