সন্ধান২৪.কম : জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল কিছুদিন ধরেই পেটের অসুখে ভুগছেন । করোনার মধ্যে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করানোর ঝামেলা থেকে দেশেই বিশেষজ্ঞদের শরণাপন্ন হয়েছিলেন তিনি। কিন্তু সেভাবে রোগ নিরাময় না হওয়ায় বাধ্য হয়েই বিদেশে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল।
জানা গেছে, মাস খানেক ধরেই হঠাৎ হঠাৎ পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তামিম। সবসময় থাকে না, হঠাৎ হঠাৎ দেখা দেয়া সে ব্যথার তীব্রতা প্রচণ্ড। কিন্তু প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় রোগ নির্ণয় না হওয়ায় দেশের বাইরে চিকিৎসা করাতে মনস্থির করেছেন তামিম। শুরু থেকেই লন্ডনে পেটের ব্যথার চিকিৎসা করানোর ইচ্ছে ছিল তামিমের। তবে করোনার কারণে লন্ডনে গিয়ে স্বল্প সময়ে ডাক্তার দেখানো, পরীক্ষানিরীক্ষা করানো সব মিলে একটা লম্বা সময়ের ব্যাপার।
কেননা করোনার কারণে যে কেউ এখন ইংল্যান্ডে গেলে আগে বাধ্যতামূলক দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে ঠিক না করলে ভিসা জটিলতায়ও ভুগতে হবে। তাই একটু সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন তামিম। বিকল্প হিসেব সিঙ্গাপুর ও থাইল্যান্ডের কথাও মাথায় এসেছিল।
তবে সেখানে এখন ফ্লাইট যায় না ঢাকা থেকে। তাই লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। লন্ডনের এক চিকিৎসকের সঙ্গে অনলাইনে প্রায় প্রতিদিন যোগাযোগ অব্যাহত রেখেছেন তামিম। এখন তার লন্ডন যাওয়ার ও চিকিৎসার অন্যান্য ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
