সন্ধান২৪.কম : যুক্তরাষ্ট্রে নারী ট্রাকচালকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একটা সময় ট্রাকচালকের আসনে একজন নারীকে দেখে অনেকেই হয়তো চমকে উঠতেন। তবে যুক্তরাষ্ট্রে যা অনেকটাই স্বাভাবিক দৃশ্য হয়ে উঠছে। বিভিন্ন প্রতিষ্ঠানকে নারী চালক নিয়োগে উৎসাহিত করতে এগিয়ে এসেছে উইমেন ইন ট্রাকিংয়ের (ডব্লিউআইটি) মতো সংগঠনগুলো। যারা প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি নারী চালক ও টেকনিশিয়ান তৈরি করছে।

ইউএস ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস অনুসারে, নারী ট্রাকচালক ও সেলস ডেলিভারি চালকের সংখ্যা প্রায় ৮ শতাংশ। উইমেন ইন ট্র্যাকিং ইনডেক্স অনুসারে, ‘এ’ ক্যাটাগরি লাইসেন্সধারি চালকের (যারা ২৬ হাজার পাউন্ডের বেশি ওজনের যানবাহন চালাতে পারে) সংখ্যা আরো বেশি, ১৪ শতাংশ। পাঁচ বছর আগের তুলনায় যা প্রায় দ্বিগুণ।
কভিডের সময় দেখা যায় পরিষেবা খাত কিংবা শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন এমন অনেক নারী পেশা হিসেবে ট্রাক চালানোকে বেছে নেন। এ তালিকায় অনেক নার্সও রয়েছেন, যারা চাকরি হারানোর পর চিকিৎসা খাত ছেড়ে ড্রাইভিং সিটে বসেছেন।
ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব টিমস্টারসহ অন্য ইউনিয়নগুলো বর্তমানে নারী চালকদের প্রতি সহিংসতা ও হয়রানি বন্ধকে অগ্রাধিকার দিচ্ছে। নিরাপত্তা ঝুঁকি, মজুরি বৈষম্য দূর করতে মনোযোগী হওয়ার পাশাপাশি প্রশিক্ষণ ও সহায়তা প্রদানের মাধ্যমে এ শিল্পে প্রবেশের বাধা দূর করতে কাজ করেছে।
তবে ডব্লিউআইটির তথ্যানুসারে, টেকনিশিয়ানের ভূমিকায় মাত্র ৩ দশমিক ৭ শতাংশ নারীকে দেখা যায়। এটিএর তথ্য বলছে, আগামী দশকে ট্রাক শিল্পে কমপক্ষে দুই লাখ টেকনিশিয়ানের প্রয়োজন পড়বে। তবে ট্রাক শিল্পে নারীর অংশগ্রহণের বিষয়টি নিয়ে আশাবাদী হওয়াই যায়। কারণ ১৬ বছর আগে যখন ডব্লিউআইটি তাদের কার্যক্রম শুরু করে, তখন এ শিল্পে নারীর উপস্থিতির হার ছিল মাত্র ৩ শতাংশ। আর এখন নারীদের নিয়ে করা সংস্থাটির ১০টি দেশে আট হাজার সদস্য রয়েছে।