সন্ধান২৪.কমঃ দীর্ঘ ১৮ বছর পর টেস্টে বাংলাদেশের ইনিংসে এমন চিত্র দেখা গেল। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের নিজেদের ইনিংসে প্রথম ১শ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০০৩ সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২ উইকেট হারিয়ে ১০০ ওভার ব্যাট করেছিল বাংলাদেশ।

বাংলাদেশের টেস্ট ম্যাচে এমন চিত্র দেখা যায়নি এরপর । অবশেষে ১৮ বছর আবারো কোন টেস্ট ম্যাচে ২ উইকেট হারিয়ে ১০০ ওভার ব্যাট করতে সক্ষম হলো টাইগাররা। পেশোয়ার টেস্টে ষষ্ঠ ওভারে প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদশ। ৬৬তম ওভারে হারায় দ্বিতীয় উইকেট। আর ১২২তম ওভারে তৃতীয় উইকেটের পতন ঘটে। ওই ইনিংসে ওপেনার জাভেদ ওমর ১১৯, হাবিবুল বাশার ৯৭ ও মোহাম্মদ আশরাফুল করেছিলেন ৭৭ রান।

গতকাল থেকে শুরু হওয়া পাল্লেকেলে টেস্টে দ্বিতীয় ওভারে প্রথম উইকেট ও ৩৯তম ওভারে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। দুঃখজনকভাবে ৯০ রানে আউট হন তামিম। আর ১২৫তম ওভারে তৃতীয় উইকেট হিসেবে প্যাভিলিয়নে ফিরেন সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। তামিম ইকবালের ৯০, নাজমুল হোসেন শান্তর ১৬৩ ও অধিনায়ক মুমিনুল হকের ১২৭ রানের কল্যাণে ১৮ বছর পর দারুন এক স্মৃতি ফিরে এলো বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে।


