দুই নারীসহ বাংলা চ্যানেল পাড়ি দিলেন ৪০ সাঁতারু

সন্ধান২৪.কম : বাংলা চ্যানেল হিসেবে পরিচিত ১৬.১ কিলোমিটার সাগরপথ সাঁতরে পাড়ি দিয়েছেন দুজন নারীসহ ৪০ জন সাঁতারু। এবারের প্রতিযোগিতায় তিন ঘণ্টা ২০ মিনিট সময় নিয়ে দ্রুততম সময়ে বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার রেকর্ড করেছে মাত্র ১৩ বছর বয়সী বগুড়ার ছেলে রাব্বি রহমান।

বঙ্গোপসাগরে টেকনাফ শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত এই চ্যানেল।  গতকাল সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে সাঁতার শুরু হয়। ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলার আয়োজনে ১৫তম ফরচুন বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতায় একজন ফরাসি নাগরিক, দুজন নারী ও দুজন পুলিশ কর্মকর্তাও ছিলেন।

 এ ছাড়া তিন ঘণ্টা ৩১ মিনিট সময় নিয়ে ঢাকসুর সাবেক সদস্য সাইফুল ইসলাম রাসেল দ্বিতীয় এবং তিন ঘণ্টা ৩৫ মিনিট সময় নিয়ে সুজা মোল্লা তৃতীয় হয়েছেন। এ ছাড়া মৌনতা আফরিন ও সোমা রয় সফলভাবে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন।

ষড়জ অ্যাডভেঞ্চারের নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার বলেন, ‘চ্যানেল সাঁতারের আন্তর্জাতিক নিয়ম মেনে এই আয়োজন করা হয়েছে। এটি আমাদের ১৫তম আসর। শুরু থেকে প্রতিটি আসরে আমি অংশ নিয়েছি এবং সফলভাবে বাংলা চ্যানেল পাড়ি দিতে সক্ষম হয়েছি।’ এবার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৪৩ জন। প্রতিযোগীদলের নারী সদস্য ও বুয়েট শিক্ষার্থী সোমা রয় কালের কণ্ঠকে বলেন, ‘প্রথমবার বাংলা চ্যানেল পাড়ি দিতে এসে সফল হয়েছি। এখন আরো বড় সাফল্যের পেছনে ছুটতে হবে।’ দ্রুত সময়ে বাংলা চ্যানেল পাড়ি দিয়ে রেকর্ড করা রাব্বি রহমান বলে, ‘বিশ্বজয়ের স্বপ্ন দেখছি আমি।’

প্রসঙ্গত, পানিতে ডুবে মৃত্যু থেকে রক্ষা পেতে এবং মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে গুরুত্ব আরোপ করতে ১৪ বছর ধরে এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Exit mobile version