দুপুরে দাওয়াত করে খাইয়ে সন্ধ্যায় বন্ধুকে হত্যা!

নিহত সাবিদুল ইসলাম সাজ্জাদ

সন্ধান২৪.কম : চট্টগ্রামের সাতকানিয়ায় বৃহস্পতিবার বন্ধুর ছুরিকাঘাতে চন্দনাইশের সাবিদুল ইসলাম সাজ্জাদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।  রাত সাড়ে আটটার দিকে  এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দনাইশের দোহাজারী পৌরসভার বোটঘাটা এলাকার মৃত কফিল উদ্দীনের পুত্র সাবিদুল ইসলাম সাজ্জাদ কয়েকজন বন্ধুসহ বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের মৃত ইসলাম মিয়া ড্রাইভারের পুত্র বন্ধু রবিউল ইসলামের বাড়িতে আসে। দুপুরে তারা সবাই রবিউল ইসলামের বাড়িতে খাবার খায়।

উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসি মোড় এলাকায় রাত সাড়ে আটটার দিকে সাজ্জাদ তার কয়েকজন বন্ধুসহ বিওসির মোড় এলাকায় দাঁড়িয়ে কথা বলছিল। এসময় তার বন্ধু রবিউল সেখানে এসে সাজ্জাদের বুকে ছুরিকাঘাত করে। তখন সাথে থাকা সাজ্জাদের বন্ধুরা রবিউলকে আটক করে মারধরের এক পর্যায়ে রবিউল কৌশলে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন গুরুতর অবস্থায় সাজ্জাদকে উদ্ধার করে দোহাজারী গ্রীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে নেওয়ার পথে সাজ্জাদ মারা যান।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জানান, শুনেছি নিহত মো. সাবিদুল ইসলাম সাজ্জাদ এবং রবিউল ইসলামের মধ্যে বন্ধুত্ব ছিল। গতকাল দুপুরে সাজ্জাদ এবং তার বন্ধুরা মিলে রবিউলের বাড়িতে দুপুরের খাবার খেয়েছে। কিন্তু রাতের মধ্যে কি নিয়ে তাদের বিরোধ হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ রবিউল ইসলামকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালাচ্ছে। 

 

Exit mobile version