দুর্গাপুজোয় করোনার কাঁটা,২৬ দফা নির্দেশিকা জারি বাংলাদেশে

সন্ধান২৪.কম ডেস্ক : এবার দুর্গাপুজোর আনন্দ মাটি করে দিল করোনা ভাইরাস। লাগাতার বেড়ে চলা আক্রান্তের সংখ্যা ছায়া ফেলেছে শারদোৎসবে। তাই সংক্রমণের কথা মাথায় রেখে দুর্গাপুজো নিয়ে ২৬ দফা নির্দেশিকা জারি করেছে বাংলাদেশে পুজো উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি। বুধবার পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চট্টোপাধ্যায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জারিকরা  নির্দেশে বলা হয়েছে, প্রতিমা বিসর্জনে শোভাযাত্রা করা যাবে না।  বাংলাদেশ সরকারের স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে আগামী ১৭ সেপ্টেম্বর মহালয়া ও ২২ অক্টোবর শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। প্রতিমা তৈরি করে পূজা সমাপ্তি পর্যন্ত প্রতিটি মণ্ডপে নিজস্ব উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পূজা মন্দির/মণ্ডপে মহিলা ও পুরুষের জন্য যাতায়াত পৃথক ব্যবস্থা রাখতে হবে। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালনের জন্য কার্ড/ব্যান্ডধারী অধিক সংখ্যক নিজস্ব স্বেচ্ছাসেবক রাখতে হবে।  মহিলা স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মহিলা দর্শনার্থীদের দেহ তল্লাশির ব্যবস্থাও করা হবে। নয়া নির্দেশিকায় আরও বলা হয়েছে, আতশবাজি ও পটকার ব্যবহার থেকে বিরত থাকতে হবে। মন্দির/ মণ্ডপে সার্বিক নিরাপত্তা বিবেচনায় আর্থিক সঙ্গতি সাপেক্ষে সিসি ক্যামেরা সংযোগের ব্যবস্থা রাখতে হবে। ভক্তিমূলক সংগীত ছাড়া অন্য কোনও সংগীত বাজানো যাবে না।  মাইক/পিএ সেট ব্যবহার করা যাবে না। তবে পুজোর অংশ হিসেবে ঢাক-ঢোল-কাসা এ ধরনের বাদ্যযন্ত্রের ব্যবহার করা যাবে। কারও ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। কোনও অবস্থাতেই জনসমাগমের কারণে সরকারের স্বাস্থ্য সুরক্ষা বিধি যাতে উপেক্ষিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

বাংলাদেশে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।  এই পরিস্থিতিতে দুর্গাপুজোর  ভিড়ের জন্য যাতে সংক্রমণ আরও ছড়িয়ে না পরে সেদিকে নজর রাখছে প্রশাসন।  কড়া বিধিনিষেধের ফলে স্বাভাবিকভাবেই এবছর ম্লান পুজোর আলো। করোনার কথা মাথায় রেখে এবার সন্ধ্যার পর দর্শনার্থী প্রবেশে রাশ টানতে বলা হয়েছে উদ্যোক্তাদের। সকল প্রকার আলোকসজ্জা, সাজসজ্জা, মেলার আয়োজন, আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদিও পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভব হলে বাসাবাড়িতে থেকে যাতে ভক্তরা অঞ্জলি দিতে পারে সেজন্য ডিজিটাল পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানিয়েছে পুজো উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি। সব মিলিয়ে মহামারীর আবহে এবার দুর্গাপুজোর আনন্দ অনেকটাই স্তিমিত হয়ে গিয়েছে। সংবাদ প্রতিদিন

 

Exit mobile version