ধর্ষণ ও বিচারহীনতা বিরোধী লংমার্চে হামলার প্রতিবাদে সিপিবি ও বাম জোটের বিক্ষোভ

সন্ধান২৪.কম : ধর্ষণ ও বিচারহীনতা বিরোধী ঢাকা-নোয়াখালী লংমার্চে পুলিশি মদদে সরকার দলীয় সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ১৭ অক্টোবর  শনিবার বেলা ৪টায় বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ঢাকা কমিটি পৃথক দুটি বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ঢাকা কমিটি পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করে।

সমাবেশে সিপিবি ঢাকা কমিটির সভাপতি মোসলে উদ্দীনের সভাপতিত্বে ও খান আসাদুজ্জামান মাসুমের পরিচালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, কেন্দ্রী নেতা সাদেকুর রহমান শামীম প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাবে গিয়ে সমবেত হয়।

এদিকে আজকে বিকাল ৪.৩০টায় একই দাবিতে প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের একটি পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিপিবি ঢাকা কমিটির সভাপতি মোসলে উদ্দীন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, বাসদ ঢাকা মহানগর শাখার সদস্য সচিব জুলফিকার আলীসহ অন্যান্য শরীক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উভয় সমাবেশ থেকে ধর্ষণ ও বিচারহীনতা বিরোধী লংমার্চের ওপর হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণের দাবি তোলা হয়। অন্যথায় আগামীদিনে আরো তীব্র আন্দোলন করার হুশিয়ারীও জানানো হয়।

 

Exit mobile version