নন্দিত অভিনেত্রী তানভীন সুইটি। দীর্ঘ ক্যারিয়ারে নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত অভিনয় করলেও সিনেমা ছিল হাতেগোনা। ২০০৮ সালে আবু সাইয়ীদের পরিচালনায় ‘বাঁশি’ নামে একটি সিনেমায় প্রথম অভিনয় করেন তিনি। এটি নির্মাণ করেছিলেন আবু সাইয়ীদ।
এরপর করোনার আগে কামরুজ্জামানের ‘দ্য ডিরেক্টর’ ও শামীম আহমেদ রনির ‘আগস্ট ১৯৭৫’ সিনেমায় অভিনয় করেন। সম্প্রতি নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। নাম ‘মাইক’। যৌথভাবে পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল। এটি মূলত সরকারি অনুদানে নির্মিত শিশুতোষ সিনেমা। এ সিনেমায় চিত্রনায়ক ফেরদৌসের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন তানভীন সুইটি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন অনেক ভালো ভালো গল্পের সিনেমা নির্মিত হচ্ছে। আমি কখনো বলিনি সিনেমায় কাজ করব না। ভালো গল্প ভালো চরিত্রে কাজ করার প্রস্তাব আসায় কাজও করছি। মাইক সিনেমার গল্প আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে আজকে আমরা স্বাধীন বাংলাদেশে বাস করছি। যার উৎসাহে আজ আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি। ৭৫ পরবর্তী সময়ে সেই জায়গাটা একদমই অন্ধকার ছিল। পঁচাত্তরের পর যখন আমরা পড়ালেখা করি সে সময় পাঠ্যপুস্তকে এ দেশের সৃষ্টি সম্পর্কে কিছুই পাইনি। এটি পঁচাত্তর পরবর্তী সময়কার গল্প। আমরা চাই এ সিনেমার মধ্য দিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম বাংলাদেশের সঠিক ইতিহাস জানুক। আশা করছি এটি অনেক ভালো একটি সিনেমা হবে।’


