সন্ধান২৪.কম: সকাল ৮টা থেকে শনিবার (৪ সেপ্টেম্বর) সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা চার প্রার্থী হলেন আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া।
সিলেট-৩ আসনে ভোটারসংখ্যা তিন লাখ ৪৯ হাজার ৮৭৩। আজ ১৪৯টি কেন্দ্রে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ ভোটগ্রহণ করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের কারণে দুই দফা পেছানোর পর অনুষ্ঠিত হচ্ছে । তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি ও সুষ্ঠু ভোট নিয়ে জনমনে এখনো সন্দেহ রয়েছে। যদিও প্রশাসন শুরু থেকেই শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিয়ে আসছে। নির্বাচন কমিশন থেকেও গতকাল শুক্রবার বলা হয়েছে যে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা ও সিলেটের দক্ষিণ সুরমা, বালাগঞ্জ নিয়ে সিলেট-৩ আসন। গত তিনটি সংসদ নির্বাচনে আসনটি আওয়ামী লীগের দখলে ছিল। এর আগে দুইবার নির্বাচিত হন বিএনপির প্রার্থী। তার আগে তিনবার দখলে ছিল জাতীয় পার্টির। এবার এই আসনে আওয়ামী লীগের প্রার্থী নতুন। বিএনপি নির্বাচনে অংশ না নিলেও এই আসনে বিএনপির আগের দুইবারের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। জাতীয় পার্টিও নিজস্ব প্রার্থী দিয়েছে। এই তিন দলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বাংলাদেশ কংগ্রেস দলের একজন।


