আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন নাসুম আহমেদ। আফগানদের টপঅর্ডার ধসিয়ে দেন এই অফ স্পিনার।
বাংলাদেশের বিপক্ষে ১৫৬ রান তাড়া করতে নেমে ২০ রানেই ৪ উইকেট হারায় আফগানিস্তান। ৪-০-১০-৪ এই বোলিং ফিগারই বলে দেয় নসুম কতটা আঁটসাঁট বোলিং করেছেন।
তার দুর্দান্ত বোলিংয়ের কারণেই মিরপুর স্টেডিয়ামে মাঝারি স্কোর নিয়েও ৬১ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
খেলা শেষে নাসুমের প্রশংসা করে ব্যাট হাতে আসাধারণ পারফরম্যান্স করা লিটন দাস বলেন, আমরা যে (১৫৫) রান করেছিলাম তা খুব একটা বেশিও না, আবার খুব খারাপ রানও না। এই উইকেটে ১৮০ রান হলে ব্যাটসম্যানরা ফ্লো-তে খেলে। ১৫০-১৬০ রান হলে ব্যাটসম্যান চিন্তায় পড়ে, মারবে কী মারবে না, উইকেট দেব না। চিন্তা-ধারার খেলা চলে আসে। এ জায়গায় নাসুম যে বল করেছে, সেটা আসলে খেলার মোড় বদলে দেওয়া ওভারগুলো করেছে।
৪৪ বলে ৬০ রানের ইনিংস খেলা লিটন আরও বলেন, নাসুম যদি শুরুতে উইকেট এনে না দিত, ওদের যদি পাওয়ার প্লেতে ১ উইকেটে ৪০ রান থাকত, তাহলে হয়তো খেলাটা ভিন্ন হতো। আমি মনে করি, উইকেট ভালো ছিল (ব্যাটিংয়ের জন্য)। সেখানে নাসুম যে বোলিং করেছে- এটা অসাধারণ।
এই উইকেটকিপার ব্যাটসম্যান আরও বলেন, নাসুম সবসময় কিছু না কিছু ভিন্ন করার চেষ্টা করে। একটা আস্তে করে, একটা জোরে। টি-টোয়েন্টিতে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, বোলার যদি এক রিদমে বল করে, ব্যাটসম্যানের জন্য বুঝে ফেলা খুব সহজ হয়ে যায়। কিন্তু ওকে আমার একটু ভিন্ন মনে হয়।
