নিউইয়র্কের ইতিহাসে  বিএএমএফ‘র  অনুষ্ঠানে রেকর্ড সংখ্যক পদক প্রদান !

সন্ধান২৪.কম : নিউইয়র্কে বিএএমএফ আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৮ জন ব্যক্তিকে পদক প্রদান করা হয়। কোন মিডিয়া প্রতিষ্ঠান থেকে পদক প্রদানে সংখ্যায়, এই অনুষ্ঠান নিউইয়র্ক ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ হয়েছে।

পদক প্রদানের এই অনুষ্ঠানকে বেশ কয়েকজন ইতিবাচক ও নীতিবাচক হিসাবে দেখছেন। একজন সাংবাদিক বলেন, নিউইয়র্কে ‘গণহারে’ পদক প্রদানের যে সংস্কৃতি চালু হয়েছে, তা দিন দিন কমিউনির ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।

একজন সমাজসেবক বলেন, নিউইয়র্কে পদক কে দিচ্ছেন, আর কে নিচ্ছেন তার কোন হিসেব-নিকেষ নেই। এখন কোন অনুষ্ঠান মানেই পদকে সমাহার।

আবার একজন এই অনুষ্ঠানের প্রশংসা করে জানান, নিউইয়র্কের সাংবাদিকদের কাজের মূল্যায়ন খুব কম করা হয়। এই অনুষ্ঠানে তাদেরকে সম্মানিত করে আয়োজক সংগঠন একটি মহৎ কাজ করেছে। তিনি এ রকম অনুষ্ঠান অব্যাহত রাখার আশা করেন।

গত ২১ মে নিউইয়র্কের জাকসন হাইটসের একটি মিলনায়তনে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আকবর হায়দার কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রোকেয়া হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক মনজুর আহমদ, শিক্ষাবিদ ড. জিয়াউদ্দিন আহমেদ, সিনিয়র সাংবাদিক কাজী মন্টু, ক্রীড়াবিদ ও লেখক সাঈদুর রব, মূলধারার বিশিষ্টজন মীর বাসার, প্রকাশনা উদ্যোক্তা মনিরুল হক এবং সাংবাদিক-লেখক মনিজা রহমান।

এছাড়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মোহাম্মদ আবদুর রব ও তরুণ ব্যবসায়ী দুলাল বেহেদু ও বিএএমএফ-এর অন্যতম উপদেষ্টা কাজী মন্টু ।

অনুষ্ঠানে লাইফ অ্যাচিভমেন্ট ও বিশেষ সম্মাননা দেওয়া হয় বেতার ব্যক্তিত্ব ইকবাল বাহার চৌধুরী, সরকার কবীর উদ্দিন, মাসুমা খাতুন এবং রোকেয়া হায়দারকে। সাংবাদিকতা, সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা ও মূলধারায় অবদানের জন্য সম্মাননা লাভ করেন মনজুর আহমদ, কাজী মন্টু, ড. জিয়াউদ্দিন আহমেদ, সাঈদুর রব, এম এম শাহীন, শাহ নেওয়াজ, মীর বাসার, হেলালুল করিম, মীর শিবলী, মনিজা রহমান, শিব্বীর আহমেদ, সাকিল মিয়া এবং সাহিত্য একাডেমি। সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জ্যাকসন হাইটস এলাকাবাসী সংগঠনের সভাপতি সাকিল মিয়াকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রবাসে জন্ম ও বেড়ে ওঠা তরুণ শিল্পী আলভান চৌধুরী “ও আমার দেশের মাটি” ও একটি ইংরেজি গান পরিবেশন করেন।

প্রধান অতিথি রোকেয়া হায়দার তাঁর বক্তব্যে বাংলাদেশী আমেরিকান মিডিয়া ফাউন্ডেশনের আদর্শ, সাংস্কৃতিক কার্যক্রম এবং কমিউনিটিভিত্তিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও নতুন প্রজন্মের মধ্যে শেকড়ের সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন পরিচালক আনিসুল কবির জাসির এবং সাংবাদিক শাহ্ জে চৌধুরী।

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশী আমেরিকান মিডিয়া ফাউন্ডেশন (বিএএমএফ) আয়োজিত ““বিএএমএফ এওয়ার্ডস ২০২৬”-এর সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

Exit mobile version