নিউইয়র্কে গ্যাং যুদ্ধের ভয়াবহতায় বাড়ছে মৃত্যু, উদ্বিগ্ন পুলিশ

সন্ধান২৪.কমঃ নিউইয়র্কে গ্যাং যুদ্ধের ভয়াবহতা পুলিশ বিভাগকে ভাবিয়ে তুলছে । অপরাধীরা এখন এতটাই দুঃসাহসী হয়ে উঠেছে যে তারা আইনি স্থাপনার সামনেও অস্ত্র চালাতে দ্বিধা করছে না। মানুষের জীবন বাঁচানোর জন্য অপরাধীদের গ্রেফতার করতে বড়  ধরনের পদক্ষেপ গ্রহন করছে পুলিশ।

ডাউন্টউন ব্রুকলিনে আদালতে দুই পক্ষ গোলাগুলিতে লিপ্ত থাকার পর পুলিশ বিভাগ এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কা প্রকাশ করে।

নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে সাম্প্রতিক গ্যাং যুদ্ধের ভয়াবহতা এবং প্রকাশ্য রাস্তায় ১৮২ রাউন্ড গুলি ছোঁড়ার রুদ্ধশ্বাস ভিডিও ফুটেজ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিক গঞ্জালেজ এবং এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ গত সোমবার এক সংবাদ সম্মেলনে ১৫ জন গ্যাং সদস্যের গ্রেফতার এবং ১১৩টি গুরুতর অপরাধের অভিযোগনামা প্রকাশের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে গঞ্জালেজ একটি উদ্ধারকৃত পিস্তল উঁচিয়ে ধরেন, তবে পাশের অন্য একটি অস্ত্র তিনি স্পর্শ করতে অস্বীকৃতি জানান। কারণ হিসেবে তিনি বলেন, একজন ড্রিল র‍্যাপারকে হত্যার চেষ্টায় ব্যবহৃত ওই পিস্তলটি তখনো ভুক্তভোগীর রক্তে ভেজা ছিল, যা উপস্থিত সংবাদকর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে।

তদন্তকারীদের মতে, ব্রুকলিনের রাজপথে দীর্ঘদিন ধরে ‘ফ্লাই উটার গ্যাং’ এবং ‘কোনি সাইডস’-এর মতো দলগুলো একে অপরের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত ছিল। এই গ্যাং যুদ্ধগুলোর বিভীষিকা ফুটে উঠেছে সিসিটিভি ফুটেজে, যেখানে দেখা যায় প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় বৃষ্টির মতো গুলি ছোঁড়া হচ্ছে। এমন এক ঘটনায় গত বছরের এপ্রিলে ফ্লাটবুশ গার্ডেন হাউজিং কমপ্লেক্সে এক ১৭ বছর বয়সী গ্যাং সদস্য নিজের দলের গুলিতেই মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়।

এই সহিংসতার শিকার হয়েছে সাধারণ মানুষও। গ্যাং সদস্যদের ছোঁড়া লক্ষ্যভ্রষ্ট গুলিতে ১৬ বছর বয়সী এক কিশোর চিরতরে পঙ্গু হয়ে গেছে এবং আরও অন্তত সাতজন পথচারী গুরুতর আহত হয়েছেন।

ভিডিও ফুটেজে আরও দেখা যায়, ডাউন্টউন ব্রুকলিনে আদালতের নির্দেশে একটি সভায় অংশ নিতে আসা এক যুবক তার পিস্তল নিয়ে ভেতরে প্রবেশ করে এবং সভা শেষে বেরিয়েই প্রতিপক্ষের ওপর গুলি চালাতে শুরু করে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি গঞ্জালেজ এই ঘটনাকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ হিসেবে অভিহিত করে বলেন, অপরাধীরা এখন এতটাই দুঃসাহসী হয়ে উঠেছে যে তারা আইনি স্থাপনার সামনেও অস্ত্র চালাতে দ্বিধা করছে না।

গ্রেফতারকৃত ১৫ জন গ্যাং সদস্যের বয়স ১৬ থেকে ২৭ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে হত্যা, হত্যার চেষ্টা এবং বেআইনিভাবে অস্ত্র রাখার মতো ১১৩টি ধারায় অভিযোগ আনা হয়েছে। গঞ্জালেজ অত্যন্ত কঠোর ভাষায় বলেন, ব্রুকলিনের রাস্তায় যে পরিমাণ বুলেটের বৃষ্টি হয়েছে তা ভাবলে শিউরে উঠতে হয়। এই অভিযান কেবল অপরাধীদের গ্রেফতার নয়, বরং সাধারণ মানুষের জীবন বাঁচাতে এক বড় পদক্ষেপ।

 

Exit mobile version