নিউইয়র্কে সংখ্যালঘুদের প্রতিবাদ সমাবেশে হিন্দু নেতাকে হুমকি আ. লীগ নেতার। সিদ্দিকুর রহমান ও হিন্দু কমিউনিটির নিন্দা

সন্ধান২৪.কম : গত ২২ নভেম্বর সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ সমাবেশে নিউইয়র্কে হট্টগোল, ইউনাইটেড হিন্দুস্ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। এক হিন্দু নেতাকে ‘বিএনপির দালাল’ ও ‘জুতা দিয়ে পেটানোর’ হুমকি দেন যুক্তরাষ্ট্র যুবলীগের ( একাংশের) সাবেক সভাপতি।

এই অবাঞ্চিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এ ছাড়াও এই ঘটনায় নিউইয়র্কে অনেক সনাতন ধর্মাবলম্বী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

নড়াইলসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ, হামলা, অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে  জ্যাকসন হাইটসে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের(পূর্বাঞ্চল)যৌথ বিক্ষোভ সমাবেশে এই অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়।

সমাবেশের মাঝপথে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ-সংশ্লিষ্ট বক্তা জয়দেব কুমার গায়েনের বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ তীব্র আকার ধারণ করে। একটি ভিডিও-তে দেখা যায়, এসময়  হিন্দু নেতা জয়দেব গায়িনকে বিএনপির দালাল আখ্যা ও জুতা মারার হুমকি দেন যুক্তরাষ্ট্র যুবলীগের ( একাংশের) সাবেক সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী। এছাড়াও যুবলীগ নেতা অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন।

এই অনাকাঙ্খিত ঘটনার ব্যাপারে গত কাল রাত ১১টায়  ফোনে সন্ধান২৪.কম‘র পক্ষথেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের মন্তব্য জানতে চাইলে, তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সন্ধান২৪.কম‘র প্রতিনিধিকে তিনি বলেন,আওয়ামী লীগের কোন কোন নেতার এমন আচরণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। যেখানে এই সংকটময় সময়ে সবাইকে সাথে নিয়ে আমাদের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে,সেখানে দলের নেতারা হটকারী ঘটনা ঘটিয়ে আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করছে যা মোটেই কাঙ্খিত নয়।

 

এ ছাড়াও ড. সিদ্দিকুর রহমান সন্ধান২৪.কম‘র প্রকাশিত এ সংক্রান্ত নিউজ শেয়ার করে সেখানে মন্তব্য করেন, “যৌথ ভাবে বিক্ষোভ সমাবেশ আয়োজন সঠিক হয়নি। আমাদের সতর্কতার সাথে অসাংবিধানিক পাতানো সাজানো নির্বাচনে নির্বাচিত সরকারের হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলনে সবার অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত কাম্য।

ভবিষ্যতে এ ধরণের ঘটনা যাতে না ঘটে উভয় পক্ষেকে আহ্বান জানাচ্ছি।”

এদিকে সন্ধান ওয়েবসাইড থেকে এই ঘটনার সংবাদ ও ভিডিও প্রকাশ হওয়ার পর থেকেই আওয়ামী লীগ ও নিউইয়র্কের সনাতন কমিউনিটির অনেক নেতা এই প্রতিনিধিকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা আওয়ামী লীগের ওই নেতার ঔদ্ধত্যেকে ক্ষমার অযোগ্য হিসেবে মনে করছেন।

রোববার বিকেল ৫টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত এ সমাবেশে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (পূর্বাঞ্চল) এবং প্রবাসী বাংলাদেশি আমেরিকান  যৌথভাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

একপর্যায়ে একটি বক্তব্যকে কেন্দ্র করে তা হৈচৈ, পাল্টাপাল্টি বক্তব্য ও বিশৃঙ্খলায় রূপ নেয়। পরে উভয় পক্ষের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

 

Exit mobile version