সন্ধান২৪.কম : প্রায় চার দশক পর নিউইয়র্ক সিটির সাবওয়ে ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে প্রশাসন।এতদিন ধরে চলা পুরোনো ট্রেনগুলো সরিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বহর নবায়ন পরিকল্পনা হাতে নিয়েছে এমটিএ।
নতুন এই পরিকল্পনার আওতায় সর্বোচ্চ ২ হাজার ৩৯০টি নতুন সাবওয়ে কার যুক্ত করা হবে, যা সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় একক রেলগাড়ি ক্রয় চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
গভর্নর ক্যাথি হোকুল জানান, নিউইয়র্কের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও আরও উন্নত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন বহরটি মূলত ১৯৮০-এর দশকের পুরোনো সাবওয়ে কারগুলোকে প্রতিস্থাপন করবে। দীর্ঘদিন ধরে চলা এসব ট্রেন এখন পুরোনো প্রযুক্তিনির্ভর হওয়ায় রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়েছে এবং আধুনিক যাত্রীসেবার সঙ্গে তাল মেলানো কঠিন হয়ে পড়েছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ১৪০টি নতুন ট্রেন ১, ৩ ও ৬ নম্বর লাইনে চলা পুরোনো আর-৬২ এবং আর-৬২এ মডেলের ট্রেনগুলোকে বদলে দেবে। পরবর্তী ধাপে আরও ১ হাজার ২৫০টি ট্রেন ২, ৪ ও ৫ নম্বর লাইনের আর-১৪২ এবং আর-১৪২এ বহরকে প্রতিস্থাপন করবে।
নতুন ট্রেনগুলোতে যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব নানা সুবিধা। প্রথমবারের মতো নম্বরভিত্তিক সাবওয়ে লাইনে ওপেন গ্যাংওয়ে ডিজাইন ব্যবহার করা হবে, যার ফলে যাত্রীরা সহজে এক বগি থেকে অন্য বগিতে চলাচল করতে পারবেন। এতে যাত্রী ধারণক্ষমতাও বাড়বে এবং ভিড়ের সময় যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় হবে।
নতুন ট্রেনে প্রতিটি বগিতে নিরাপত্তা ক্যামেরা, উন্নত ব্রেকিং ব্যবস্থা, স্বয়ংক্রিয় যাত্রী গণনা প্রযুক্তি এবং শ্রবণপ্রতিবন্ধীদের জন্য বিশেষ অডিও সহায়তা ব্যবস্থা থাকবে। এছাড়া নতুন বহর বর্তমান ট্রেনের তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে এই নতুন ট্রেনে চড়তে যাত্রীদের আরও কিছু বছর অপেক্ষা করতে হবে। নির্মাতাদের কাছ থেকে প্রস্তাব গ্রহণের প্রক্রিয়া চলবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত। চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ২০২৮ সালে, আর নতুন ট্রেনগুলো যাত্রী পরিবহন শুরু করতে পারে ২০৩০ সালের দিকে।
পরিবহন কর্মকর্তাদের মতে, নিউইয়র্কের গণপরিবহন ব্যবস্থাকে নতুন যুগে নিয়ে যাওয়ার পথে এটি একটি বড় পদক্ষেপ।
কর্মকর্তাদের মতে, এই নতুন ট্রেনের সংখ্যা শিকাগো এবং বোস্টনের পুরো গণপরিবহন বহরের মোট ট্রেনের সংখ্যাকেও ছাড়িয়ে যাবে।
