সন্ধান২৪.কম: গত রোববার নিউইয়র্কের আমাজুরা হলে হয়ে গেল ঐক্য-চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড’র ১৬তম আসর। ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের গান’ শীর্ষক শ্লোগান ধারন করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অব্যবস্থাপনা ও অপরিকল্পনায় ঠাঁসা ছিল এই অনুষ্ঠান । অনুষ্ঠানস্থলেই অনেককে চরম বিরক্তি ও হতাশা প্রকাশ করতে দেখা গেছে।

সন্ধ্যা সাতটায় রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার ‘ধন ধান্যে পূষ্পে ভরা’ গানটি দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
বাংলাদেশের নাট্য জগতের অন্যতম অভিনেতা আফজাল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য করেন ইমপ্রেস টেলিফ্লিম ও চ্যানেল আইয়ের অন্যতম পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন। এ সময় বাংলাদেশ থেকে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তৃতা করেন ঐক্য ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক শাহীন আকতার বেনী।
এরপর ঢাকা থেকে ভার্চুয়ালে যুুক্ত হয়ে দেশের সেরা ৫০ জন গুণীজন, যারা সঙ্গীতে অনন্য ভূমিকা রেখেছেন,তাদের নাম ঘোষণা করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।
অনুষ্ঠানে উপস্থিত শ্রোতার সামনে ঢাকা থেকে ভার্চুয়ালি বক্তব্যের সময় শাইখ সিরাজ বলেন,জন্মবার্ষিকীর এই সময়ে দেশের সঙ্গীতে অবদান রাখা গুণী শিল্পীদের সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত। আমরা ধন্য। এসময় তিনি নিউইর্য়কের দর্শক-শ্রোতাদেরও শুভেচ্ছা জানান।
দর্শক-শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে জহীর উদ্দীন মাহমুদ মামুন বলেন,‘হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে যে চ্যানেলটি যাত্রা শুরু করেছিল ২২ বছর আগে, সেই চ্যানেলটি আজ আটলান্টিকের এপারে প্রবাসী বাংলাদেশী- আমেরিকানদের বিনোদন দিতে দেশের সেরা শিল্পীদের নিয়ে এই আয়োজন করেছে। আপনাদের সামনে বাংলা গানের কিংবদন্তী ব্যক্তিত্বদের সম্মাননা দিতে পেরে আমরা চ্যানেল আই পরিবার গর্বিত।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য করেন চিত্র নায়িকা রোজিনা ও মৌসুমী, চিত্র নায়ক শাকিব খান, কন্ঠশিল্পী সায়েরা, নিউইয়র্কের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান প্রমূখ। অনুষ্ঠানের প্রযোজক ছিলেন এজাজ খান স্বপন।
এরপর দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন, প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী নীনা হামিদ,পল্লীগীতি স¤্রাট আব্দুল আলিমের কন্যা জোহরা আলিম,স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়,দেশের অন্যতম জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ,উপমহাদেশের কিংবদন্তি ররীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, জনপ্রিয় কন্ঠশিল্পী সামিনা চৌধুরী,অন্যতম গীতিকার মাসুদ করিমের পক্ষে দিলারা আলো প্রমূখ। এই গুনীদের হাতে পদক তুলে দেন চিত্র নায়িকা রোজিনা ও মৌসুমী, চ্যানেল আইয়ের অন্যতম পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, ঐক্য-চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড’র আয়োজক জামান মনির, নিউইয়র্কে মূলধারার রাজনীতিক গিয়াস আহমদ, এটর্নী মঈন চৌধুরী,হোম কেয়ার ব্যবসায়ী আসেফ বারী টুটুল, হাসিনা বারী মুনমুন, কাদের মিয়া ও পিপল এন্ড টেকের সিইও আবু বকর হানিফ।
পুরো অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ভাগ করা অনুষ্ঠানের সঙ্গীত, আবৃত্তি ও সঞ্চালনায় ছিলেন অভিনেতা আফজাল হোসেন, কন্ঠশিল্পী এস আই টুটুল, উপস্থাপিকা নওসীন মৌ, টনি ডায়েস, প্রিয়া ডায়েস, বিউটি দাশ, শাহরিয়ার নাজিম জয়, বাদশা বুলবুল,কুষ্ণা তিথি, রাজিব রহমান, কোনাল,নিলয় প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতার অনুরোধে যন্ত্রসঙ্গীত ছাড়াই কয়েক লাইন করে গান করেন, সাবিনা ইয়াসমিন ও কুমার বিশ্বজিৎ।
চিত্র নায়িকা মৌসুমী ও সুপার স্টার নায়ক শাকিব খানের বিভিন্ন বিষয়ে আলাপচারিতা অনুষ্ঠানে উপস্থিত বেশ উপভোগ করেছেন।
মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে শাকিব খান নতুন সিনেমার ঘোষণা দেন।
আমাজুরা মিলনায়তনে দর্শক-শ্রোতাদের ভিতরে প্রবেশ নিয়ে বেশ জটিলতার সৃষ্টি হয়। হাতে আমন্ত্রণপত্র থাকলেও, অনেককে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও অনেকক্ষণ গেটে দাড়িয়ে থাকতে হয়। আবার অনেকেই মিলনায়তনের ভিতরে ঢ়ুকতে না পেরে চলে যান।
চ্যানেল আইয়ের বিশাল অংকের এই অনুষ্ঠান উপস্থিতিদের প্রত্যাশা পুরণ করতে পারে নাই । ফলে অনুষ্ঠান চলার মাঝামাঝি সময়ে অনেককে ঘরমুখো হতে দেখা গিয়েছে । উপস্থাপকদের ভুলভাল উচ্চারণ ও অতিকথন অনুষ্ঠানকে স্থূল পর্যায়ে নিয়ে গেছে বলে, অনেকেই মন্তব্য করেছেন।
কিছু কিছু অব্যবস্থাপনা ও অপরিকল্পনার জন্য অনেককে বিরক্তি প্রকাশ করতেও দেখা গেছে। অনেকেই তাদের প্রত্যাশিত পরিবেশনা দেখতে না পেয়ে ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করছেন ।
সবশেষে জনপ্রিয় সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরীর ‘একবার যেতে দে’ না আমার ছোট্ট সোনার গাঁয়’ গানের মাধ্য দিয়ে শেষ হয় ঐক্য-চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড-২০২১ অনুষ্ঠান।