সন্ধান২৪.কমঃ মানব সেবামূলক প্রতিষ্ঠান শাহ্ ফাউন্ডেশন নিউইয়র্কে দুইদিনব্যাপী ৬ শতাধিক মানুষের মাঝে রমজান সামগ্রী বিতরণ করেছে।
গত ১৮ মার্চ বিকেলে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট এবং ১৯ মার্চ বিকেলে জ্যামাইকায় সৌজন্যমূলক এই খাদ্য বিতরণ করা হয় ।
প্রথম দিন শাহ্ ফাউন্ডেশনের ডিরেক্টর মইনুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং আরেক ডিরেক্টর ফাহাদ সোলায়মানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন জ্যাকসন হাইটস এলাকার অ্যাসেম্বলিওম্যান ক্যাটেলিনা ক্রুজ এবং জেসিকা রামোশ গঞ্জালেস।

এছাড়াও উপস্থিত ছিলেন শাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শাহ্ জে. চৌধুরী, ডিরেক্টর এবং ব্যবসায়ী একেএম ফজলুল হক,কো-ফাউন্ডার হুসনে আরা চৌধুরী ও সাদিয়া জে চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী,জেবিবিএর পরিচালক ও ব্যবসায়ী লিটু চৌধুরী, জেবিবিএর কর্মকর্তা শাহ্ চিশতি, আড়াং-এর মালিক মোহাম্মদ হুমায়ুন, মেজর (অব.) জালাল, শো টাইম মিউজিকের আলমগীর খান আলম,আহমেদ হোসেন দীপু, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আজিজুল, জ্যাকসন হাইটস এলাকাবাসীর প্রতিষ্ঠাতা সভাপতি মীর নিজামুল হক, সভাপতি শাকিল মিয়া, সোলায়মান পাটোয়ারি প্রমুখ।
এখানে অ্যাসেম্বলিওম্যান ক্যাটেলিনা ক্রুজ শাহ্ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষের সেবা করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। শাহ্ ফাউন্ডেশন মানবতার সেবায় দীর্ঘদিন থেকে সেই কাজ করে আসছে। আমার অফিস থেকেও শাহ্ ফাউন্ডশনের কম্বল বিতরণ করা হয়েছিল। তিনি বলেন,কমিউনিটিতে শাহ্ ফাউন্ডেশনের মতো আরও প্রতিষ্ঠান দরকার।
অ্যাসেম্বলিওম্যান জেসিকা রামোস গঞ্জালেস বলেন, রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস, পবিত্র মাস। সিয়াম সাধনার এই মাসে খাদ্যসামগ্রী বিতরণ করে শাহ্ ফাউন্ডেশন ভালো কাজ করছে। আশা করি আগামীতেও তাদের এই সুন্দর কর্মকান্ড অব্যাহত থাকবে।
এর একদিন পর গত ১৯ মার্চ বিকেলে জ্যামাকাইর ফাতেমা গ্রোসারির সমানে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শাহ্ সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ডিরেক্টর একেএম ফজলুল হক। জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক জে মোল্লা সানির পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলম্যান জিম জিনারো, কাউন্সিলওম্যান নাতাশা উইলিয়াম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট শাহ্ জে চৌধুরী, কো-ফাউন্ডার হুসনে আরা চৌধুরী,প্রতিষ্ঠানের ডিরেক্টর মঈনুজ্জামান চৌধুরী, ব্যবসায়ী বিলাল চৌধুরী, রেজাউল করিম চৌধুরী,কামরুল ইসলাম সনি, এনায়েত উল্যাহ সেন্টু, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এ এফ মিসবাউজ্জামান, ব্যবসায়ী এবিএম ওসমান গনি, আজহার আহমেদ, রীমি ভূইয়া প্রমুখ।
কাউন্সিলম্যান জিম জিনারো শাহ্ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন,এটি একটি মহৎ উদ্যোগ। রমজান এবং ধর্মের সবচেয়ে বড় শিক্ষা হলো অসহায় মানুষের সেবা করা। সেই মহৎ কাজটি করে যাচ্ছে শাহ্ ফাউন্ডেশন।
কাউন্সিলওম্যান নাতাশা উইলিয়াম বলেন, শাহ্ ফাউন্ডেশনের এই সুন্দর অনুষ্ঠানে আমি আসতে পেরে আনন্দিত। কারণ ভালো কাজের সাথে থাকতে পারা এবং মানুষকে সাহায্য করার মধ্যে বিশেষতত্ব আছে।
ফখরুল ইসলাম দেলোয়ার বলেন, শাহ্ ফাউন্ডেশন শাহ্ জে. চৌধুরী প্রতিষ্ঠা করলেও এর সাথে আমরাও জড়িত। শাহ্ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই মানুষের সেবায় নিজেদের আত্মনিয়োগ করেছেন।
দুটি বিতরণ অনুষ্ঠানে শাহ্ জে চৌধুরী বলেন, এই অনুদান আমাদের পরিবারের অনুদান। বিশেষ করে আমার বড় মেয়ে এই প্রতিষ্ঠানের কো-ফাউন্ডার এবং সিইও ফৌজিয়া জে. চৌধুরী এই দুটো আয়োজনের পুরো অনুদান দিয়েছে। তাছাড়া হক অ্যান্ড সন্স তাদের ক্রয়কৃত মূল্যে আমাদের এসব পণ্য সরবরাহ করেছে। সেই হিসাবে বলা যায় হক সন্সও এর অংশীদার। এটি আমাদের তৃতীয় অনুষ্ঠান। এর আগের দু বছরও রমজানের সময় আমরা খাদ্য সামগ্রী দিয়েছিলাম। এটি কোনো সহায়তা নয়, এটি আমাদের ভালোবাসা। এইভাবেই মানুষকে ভালোবেসে যেতে চাই।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, মসুরের ডাল, খেজুর,কালা ছানা, তেল, মুড়ি, সেমাই ও মসলা। জ্যাকসন হাইটসে খাদ্য সামগ্রী বিতরণ বিকেল সাড়ে ৫টায় হওয়ার কথা থাকলেও দুপুর থেকেই লোকজন ভিড় করতে শুরু করেন। সে কারণে তাৎক্ষণিক অতিরিক্ত চাল-ডাল কিনে প্রত্যেকেই খাদ্য সামগ্রী দেওয়া হয়।
প্রসঙ্গতঃ প্রতিষ্ঠার পর থেকেই শাহ্ ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সংগঠনটি শুধু নিউইয়র্কে নয়, ভারত ও বাংলাদেশের উত্তরাঞ্চলসহ দেশে বিভিন্ন এলকায় সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।