সন্ধানা২৪.কমঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সাবওয়ে স্টেশনে পাইপ বোমার বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করা বাংলাদেশি অভিবাসী আকায়েদ উল্লাহর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
৩১ বছর বয়সী বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহকে যুক্তরাষ্ট্রের একটি আদালত যাবজ্জীবন এবং সেই সঙ্গে ৩০ বছরের সাজা দিয়েছেন। ম্যানহাটন ফেডারেল আদালত আজ বৃহস্পতিবার তাঁকে ওই দণ্ড দেন।। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ প্রায় ২৫ বছর। আকায়েদকে ওই যাবজ্জীনের ২৫ বছরের সঙ্গে আরও ৩০ বছর কারাভোগ করতে হবে। অর্থাত্ তার বাকি প্রায় সারা জীবনটা কারাগারেই কাটবে।
২০১৭ সালে নিউইয়র্কে বাস টার্মিনালে আত্মঘাতী বিস্ফোরণের চেষ্টার সময় আহত অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন আকায়েদ উল্লাহ। ‘চেইন মাইগ্রেশনের’ মাধ্যমে তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। অভিবাসী একজন ব্যক্তি যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার চেষ্টার ঘটনা তুলে ধরে যুক্তরাষ্ট্রের তত্কালীন প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্প ‘চেইন মাইগ্রেশন’ সীমিত করারও ইঙ্গিত দিয়েছিলেন।
বার্তা সংস্থা এপি জানায়, আকায়েদ উল্লাহ গতকাল মাস্কপড়ে অশ্রুসজল চোখে আদালতে হাজির হন। রায়ের আগে আদালতকে তিনি বলেন, ‘১১ ডিসেম্বর আমি যা করেছিলাম তা ভুল। আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে বলতে পারি, আমি দুঃখিত। নিরাপরাধ ব্যক্তির ক্ষতি করাকে আমি সমর্থন করি না।’
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেন, আকায়েদ জঙ্গি গোষ্ঠী আইএসের পক্ষে হামলা চালিয়েছে। তার যাবজ্জীবন হওয়া উচিত। অন্যদিকে আকায়েদের পক্ষের আইনজীবী বলেছিলেন, আকায়েদ কোনোভাবেই ৩৫ বছরের বেশি মেয়াদে কারাদণ্ড প্রাপ্য নন। এরপর আদালত যে রায় দিয়েছে তাতে তার প্রায় ৫৫ বছরের কারাদণ্ড হয়েছে।
