নেশন্স লিগে ড্রয়ের রাত

ছিল রোমাঞ্চের হাতছানি। কিন্তু ফুটবলপ্রেমীদের প্রত্যাশ ও প্রাপ্তি মেলেনি একবিন্দুতে। শনিবার রাতে উয়েফা নেশন্স লিগের চারটি বড় ম্যাচই ড্র হয়েছে। ঘরের মাঠে ইতালির সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ড।

‘এ৩’ গ্রুপের আরেক ম্যাচে হাঙ্গেরির সঙ্গে জার্মানির ড্র ১-১ গোলে। এবারের নেশন্স লিগে তিন ম্যাচ খেলে জয়শূন্যই রইল সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও ইংল্যান্ড।

তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ইতালি। চার পয়েন্ট নিয়ে দুইয়ে হাঙ্গেরি। হ্যাটট্রিক ড্রয়ে জার্মানির পয়েন্ট তিন। দুই পয়েন্ট নিয়ে তলানিতে ইংল্যান্ড।

‘এ৪’ গ্রুপেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কোনো দল। ঘরের মাঠে পোল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস। যোগ করা সময়ে বার্সেলোনা ফরোয়ার্ড মেমফিস ডিপাইয়ের পেনাল্টি মিসের কারণেই জয়বঞ্চিত হয় ডাচরা। তবে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর এক পয়েন্টও কম স্বস্তির নয়। ১৮ মিনিটে ম্যাগটি ক্যাশের গোলে এগিয়ে যায় পোল্যান্ড। ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিওতর জিয়েলিনস্কি।

দুই গোল হজমের পর ৩ মিনিটের ঝড়ে সমতায় ফেরে নেদারল্যান্ডস। ৫১ মিনিটে ডেভি ক্লাসেন ব্যবধান কমানোর পর ৫৪ মিনিটে সমতাসূচক গোলটি করেন ডেনজেল ডামফ্রাইজ। শেষ মুহূর্তে ডিপাই পেনাল্টি মিস না করলে টানা তৃতীয় জয় নিয়েই মাঠ ছাড়তে পারত ডাচরা। গ্রুপের আরেক ম্যাচে বেলজিয়ামকে ১-১ গোলে রুখে দিয়েছে গ্যারেথ বেলের ওয়েলস।

গত বছর ওয়েম্বলিতে ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা উৎসব করেছিল ইতালি। ওই ম্যাচের পর দুদলের প্রথম দেখায় মিলল না গোলের দেখা। দুদলের ফরোয়ার্ডরাই যেন মেতে উঠেছিলেন গোল মিসের মহড়ায়। ওদিকে বুদাপেস্টে হাঙ্গেরি-জার্মানি ম্যাচে দুটি গোলই হয়েছে ৯ মিনিটের মধ্যে। ৬ মিনিটে ন্যাগির গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। ৩ মিনিট পর জার্মানিকে সমতায় ফেরান হফমান।

Exit mobile version