সন্ধান২৪.কম : পল্টন মডেল থানার পুরানা পল্টন এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় নব্য জেএমবির আরও চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পুলিশের একটি টিম উত্তরার আজমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মামুন আল মোজাহিদ ওরফে সুমন ওরফে আবু আবদুর রহমান, মো. আল আমিন ওরফে আবু জিয়াদ, মো. মোজাহিদুল ইসলাম ওরফে রোকন ওরফে আবু তারিক ও সারোয়ার হোসেন রাহাত।
, পল্টন মডেল থানার পুরানা পল্টন এলাকায় গত ২৪ জুলাই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আইইডিতে ব্যবহৃত ইলেকট্রিক টেপ, জিআই পাইপের কনটেইনার, সার্কিটের অংশ, তারের অংশ বিশেষ, লোহার তৈরি বিয়ারিং ও বল, নাইন ভোল্ট ব্যাটারির অংশ বিশেষ উদ্ধার করা হয়।
এ মামলার তদন্তের ধারাবাহিকতায় গত ১১ আগস্ট সিলেট জেলায় এ ঘটনায় জড়িত নব্য জেএমবির ৫ জন সদস্যকে গ্রেফতার করেছিল। গ্রেফতারকৃতদের দেয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে উত্তরা আজমপুর এলাকা হতে আরো ৪ জন নব্য জেএমবির সদস্যকে গ্রেফতার করা হয়। এ মামলার ঘটনায় মোট ৯ জন নব্য জেএমবির সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
