পাঁচ বছর পর নেপালকে হারাল বাংলাদেশ

সন্ধান২৪.কম : নেপালের কাছে বারবার বাংলাদেশের স্বপ্ন ভঙ্গের কাহিনী। অনেকেরই মনে নেই সব শেষ করে লাল-সবুজদের বিজয় উৎসব হয়েছিল নেপালিদের বিপক্ষে। সেই স্মৃতি হাতড়ানোর আগেই কাল জীবন-সুফিলরা এনে দিলেন দারুণ এক জয়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজের প্রথমটিকে জেমি ডে বাহিনী ২-০ গোলে পরাজিত করল নেপালকে। 

বাংলাদেশ দলের ২য় গোল করার পর মাহবুবুর রহমান সুফিলের উল্লাস

 দীর্ঘ পাঁচ বছর পর আন্তর্জাতিক ম্যাচে হিমালয় কন্যার বিপক্ষে জিততে সমর্থ হলো লাল-সবুজ জার্সিধারীরা। সর্বশেষ ২০১৫ সালে ঢাকায় নেপালকে হারিয়েছিল বাংলাদেশ জাতীয় দল।  

সাম্প্রতিক বছরগুলোতে পারফরম্যান্সে বাংলাদেশকে পেছনে ফেলে নেপাল। ২০১৮ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপে নেপালের কাছে হেরে বিদায় নেয় বাংলাদেশ। গত বছর এসএ গেমস ফুটবলেও গোরখালিদের কাছে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। সব মিলিয়ে, পাঁচ বছর নেপালের বিপক্ষে জয়হীন ছিল বাংলাদেশ। অবশেষে এই জয়খরা ঘুচাল জামাল ভূইয়ার প্রত্যয়ী বাংলাদেশ দল। 

বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলে দশম মিনিটে গোল আদায় করে নেয় স্বাগতিক বাংলাদেশ। সাদউদ্দিনের ক্রস থেকে ভলিতে গোল করেন নাবিব নেওয়াজ জীবন। ৭৯ মিনিটে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন বদলি খেলোয়াড় মাহবুবুর রহমান সুফিল। রহমত মিয়ার বাড়ানো পাসে পাওয়া বল নিয়ে বক্সে ঢুকে পড়ে কোনাকুনি শটে গোল করেন তরুণ স্ট্রাইকার সুফিল। 

দুই ম্যাচের মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ১৭ নভেম্বর একই মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। 

 

Exit mobile version