পাক সেনাপ্রধানের সমালোচনা করে চিঠি, পাঁচ বছরের কারাদণ্ড

সন্ধান২৪.কম : পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে পদত্যাগের আহ্বান জানানোয় দেশটির অবসরপ্রাপ্ত এক জেনারেলের ছেলেকে রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

সেনাপ্রধান জেনারেল বাজওয়ার মেয়াদ বৃদ্ধির সমালোচনা করে একটি চিঠি লিখেছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাফর মেহদি আসকারির ছেলে হাসান আসকারি। চিঠিতে তিনি সেনাবাহিনীর প্রধানের পদ ছাড়তে বাজওয়ার প্রতি আহ্বান জানান।

বিবিসি উর্দূ জানিয়েছে, এ মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে ইসলামাবাদের হাইকোর্টে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয় । সে সময় বিচার চলাকালীন সামরিক আদালতে বেসামরিক নাগরিকের বিচার হতে পারে কি-না, সেটি নিয়ে প্রশ্নও উঠেছিল।

সামরিক আদালতের নিযুক্ত এক বিচারক চলতি বছরের জুলাইয়ে হাসান আসকারির পক্ষে আইনি লড়াইয়ে অংশ নেন। কিন্তু সে সময় হাসান আসকারির বাবা অভিযোগ করে বলেন, সাহিওয়ালের ব্যাপক সুরক্ষিত কারাগারে ছেলের সাথে দেখা করতে বাধার সম্মুখীন হচ্ছেন তিনি।

হাসান আসকারির বিরুদ্ধে অভিযোগে বলা হয়, গত বছরের সেপ্টেম্বরে তিনি সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বৃদ্ধির সমালোচনা করে তাকে পদত্যাগের আহ্বান জানান। ওই চিঠির অনুলিপি তিনি বিভিন্ন জেনারেলদের কাছেও পাঠিয়েছিলেন।

সাজা ঘোষণার পর হাসান আসকারিকে সাহিওয়ালের হাই সিকিউরিটি কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

Exit mobile version