প্রথম পেসার হিসেবে যে নজির গড়লেন অ্যান্ডারসন

ইতিহাসের প্রথম পেসার ও সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে টেস্টে ৬৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন জেমস অ্যান্ডারসন।

সোমবার ট্রেন্টব্রিজ টেস্টের চতুর্থ দিনে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই টম ল্যাথামকে নিজের ৬৫০তম শিকারে পরিণত করেন ৩৯ বছর বয়সী এই ইংলিশ পেসার।

হাস্যকরভাবে বোল্ড হয়ে মাইলফলক ছোঁয়া উইকেটটি কার্যত অ্যান্ডারসনকে উপহারই দিয়েছেন ল্যাথাম। শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও উইল ইয়াং। কনওয়েকে ৫২ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন জ্যাক লিচ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৪৪ রান। ১১ ও ৮ রানে ব্যাটিংয়ে ছিলেন ড্র্যায়েল মিচেল ও টম বান্ডেল। সব মিলিয়ে কিউইদের লিড তখন ১৫৯।

এর আগে নিউজিল্যান্ডের ৫৫৩ রানের জবাবে কাল প্রথম সেশনে ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে ৫৩৯ রানে। ১৬৩ রানে দিন শুরু করা জো রুট আউট হন ১৭৬ রানে।

বেন ফোকসের ব্যাট থেকে আসে ৫৬ রান। ট্রেন্ট বোল্টের তোপের মুখে মাত্র ২৩ রানে শেষ পাঁচ উইকেট হারায় ইংল্যান্ড। ১৪ রানের লিড পায় নিউজিল্যান্ড। ১০৬ রানে পাঁচ উইকেট নেন বোল্ট।

Exit mobile version