সন্ধান২৪.কম : বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার ভাড়া বাসায় হামলা ও বিক্ষোভের ঘটনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ১৩ সদস্যকে সাময়িক বহিষ্কার করেছে দলটি। ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএম এ রাজ্জাক। তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, অপরাধ প্রমাণ হলে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন তিনি।

বহিষ্কৃতরা হলেন- দক্ষিণখান থানা বিএনপির সহ-সভাপতি ফুল ইসলাম, দক্ষিণখান থানা বিএনপির সদস্য নাজিম উদ্দিন দেওয়ান, দক্ষিণখান থানা বিএনপির ৫০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমানউল্লাহ, দক্ষিণখান থানা বিএনপির ৫০নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোখলেছ, দক্ষিণখান থানা বিএনপির সদস্য আমজাদ হোসেন, উত্তরা পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, উত্তরখান থানা বিএনপির সদস্য নূর মোহম্মদ, উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমএ হান্নান মিলন, উত্তরা পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি, উত্তরা পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, উত্তরা পূর্ব থানা বিএনপির দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, উত্তরা পূর্ব থানা বিএনপির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল কাদের স্বপন এবং উত্তরা পূর্ব থানা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক হারুনুর।
১০ অক্টোবর বিকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজধানীর উত্তরার বাসার সামনে শতাধিক নেতাকর্মী বিক্ষোভ প্রদর্শন করেন। ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণার জের ধরে এ ঘটনা ঘটে বলে জানা যায়। এসএম জাহাঙ্গীরের মনোনয়ন বাতিলের দাবিতে এই বিক্ষোভ হয়।