বন্ধুত্বের নামে দাস বানানোর চেষ্টা করছে আওয়ামী লীগ:জিএম কাদের

সন্ধান২৪.কম: জোটের রাজনীতিতে আওয়ামী লীগ বন্ধুত্বের নামে জাতীয় পার্টিকে দাস বানানোর চেষ্টা করেছে। তারা ক্রীতদাসের মতো ব্যবহার করেছে। হুকুম করেছে। আমাদের কোনো সুযোগ দেয়নি বলে মন্তব্য করেছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি রংপুরে জেলা জাতীয় পার্টির যৌথ সভায় বলেছেন

শনিবার (৪ মার্চ) সন্ধায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

জিএম কাদের অভিযোগ করে বলেন, রাজনীতিতে জাতীয় পার্টি বন্ধুত্ব করবে কিন্তু কারো দাসত্ব করবে না। বন্ধুত্বের নামে এখন পর্যন্ত যা করেছে সেটা হলো আমাদেরকে দাস বানানোর চেষ্টা করছে আওয়ামী লীগ। তারা আমাদেরকে ক্রীতদাসের মতো ব্যবহার করেছে। তারা আমাদেরকে শুধু হুকুম করেছে। সরকারি কোনো সুযোগ-সুবিধা দেয়নি। আমাদেরকে সরকারি কোনো বরাদ্দ দেয় নাই। সম্মান দেই নাই। আমরা সম্মানের জন্য রাজনীতি করি। আমরা আর এমন কারো সঙ্গে বন্ধুত্ব করব না। এমন কোনো রাজনীতি করব না। যেখানে আমরা সম্মানের সঙ্গে তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারব না। আমাদের মতামত তাদের সঙ্গে শুনতে হবে। তাহলে আমরা তাদের মতামত শুনব। সে রকম না হলে আমরা কারো সঙ্গে রাজনীতিতে বন্ধুত্ব করব না। সামনে রমজান মাস। সরকার এবং দলীয় সিন্ডিকেট থাকায় দাম বেড়ে যায় দ্বিগুণ। কিন্তু সরকার তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। এর সব দায় সরকারের।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক, আদিলুর রহমান আদিল এমপি, মহানগর সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা।

Exit mobile version