বাংলাদেশে পাঁচ জেলায় আ. লীগের ১৫ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন

সন্ধান২৪.কম ডেস্ক : বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাঁদের মধ্যে অন্তত পাঁচজনের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

পটুয়াখালী, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম ও ফেনীতে হামলার ঘটনায় আতঙ্কে কয়েকটি পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কারা জড়িত, তা জানাতে পারেনি পুলিশ।

পটুয়াখালীতে গতকাল রাত ১০টা থেকে আজ সকাল ১১টা পর্যন্ত শহর ও আশপাশের এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নয় নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি বাড়িতে আগুন দেওয়া হয়, কোথাও নিক্ষেপ করা হয় পেট্রলবোমা।

গতকাল রাত সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের পটুয়াখালী শহরের পিডিএস মাঠ–সংলগ্ন বাড়ির সামনে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। নিরাপত্তার কারণে ওই ভবনের ৮ ভাড়াটে রাতেই অন্যত্র আশ্রয় নেন। আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা শহরের পুরান বাজার এলাকায় গতকাল রাত ২টার দিকে আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল মান্নানের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। একই সময়ে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা আওয়ামী লীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারের পুরান বাজার এলাকার বাড়িও ভাঙচুর করা হয়। এসময় বাসার ভেতরে থাকা গোলাম সরোয়ারের স্ত্রী লুৎফুরনেছা দেড় বছরের সন্তানকে নিয়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন।

গতকাল দিবাগত রাত ১২টার দিকে আওয়ামী লীগের সদর থানা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে আজ বেলা ১১টার দিকে তাঁর বাসাসংলগ্ন একটি খাবার হোটেল বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। গতকাল রাত ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সোহেলের টাউন জৈনকাঠি এলাকার বাড়িতেও হামলার ঘটনা ঘটে।

ভোর সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগের জেলা কমিটির উপদেষ্টা ও পটুয়াখালী জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে ঘরের কাঠের সামগ্রী, আসবাবসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। তাঁর বাড়ি সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের শিয়ালি গ্রামে।

এ ছাড়া গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির সহসভাপতি সুলতান আহমেদের বাসভবনে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে।

এদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে গতকাল রাতে সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত আবদুস ছাত্তার এবং আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য সামি উসমান গণির দুটি মার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া থানা রোডে সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক মাহমুদ হাসানের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, উপজেলা পরিষদের সামনে মার্কেট ভাঙচুরের স্থান পরিদর্শন করা হয়েছে। কারা ভেঙেছে কেউ বলতে পারছে না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

চট্টগ্রাম নগরের দামপাড়ার পল্টন সড়ক এলাকায় গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের নগর শাখার সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা ভাঙচুর করা হয়েছে। তাঁর বাসা মনে করে পাশের ভবনেও ভাঙচুর চালানো হয়। ভাঙচুর করা দুটি ভবন হচ্ছে জহুর আহমেদ চৌধুরী টাওয়ার ও সাঈদা নিবাস।

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে আজ ভোর চারটার দিকে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসময় বাড়ির মালামাল লুট করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। তাঁরা জানান, বাড়ি ও এর সামনে থাকা একটি পিকআপে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।

সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহ সৌদি আরবের জেদ্দা শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন। বর্তমানে তিনি চট্টগ্রাম কারাগারে বন্দী।

রাজশাহীর বাঘায় বেলা ১১টার দিকে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শাহরিয়ার আলমের বাড়িটি রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চকসিংগা মহল্লায়।

 

Exit mobile version