সন্ধান২৪.কম : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে খাদ্যপণ্যের প্রথম চালান নিয়ে ভারতের উদ্দেশে রওনা হয়েছে পণ্যবোঝাই জাহাজ। মঙ্গলবার নরসিংদীর পলাশে অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে ‘প্রাণ গ্রুপ’-এর ২৫ হাজার বাক্স লিচি ড্রিংকস নিয়ে রওয়ানা হয়েছে জাহাজটি। এটি সরাসরি কলকাতা বন্দরের টিটি শেডে গিয়ে পৌঁছাবে।

এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশের নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী । ভারতে প্রাণ বর্তমানে দেড় শতাধিক পণ্য রপ্তানি করে। এর মধ্যে উল্লেখযোগ্য পণ্য হলো- ফ্রুট ড্রিংকস, চিপস, স্ন্যাকস, বিস্কুট, ক্যান্ডি, সস, কেচাপ, নুডলস, সস, জেলি ও মশলা। পণ্যবোঝাই জাহাজটি ঢাকার অদূরে নরসিংদীর শীতলক্ষ্যা থেকে যাত্রা শুরু করে দুপুর ১টায়। জাহাজটি নারায়ণগঞ্জ, খুলনার শেখবাড়িয়া হয়ে কলকাতা বন্দরে গিয়ে পৌঁছাবে। ৭১০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে জাহাজটির গন্তব্যে পৌঁছাতে ৩-৪ দিন সময় লাগবে। সংশ্লিষ্ট আধিকারিকরা জানান, সড়কপথের চেয়ে নৌপথে পণ্য পরিবহণে খরচ অন্তত ৩০ শতাংশ কম। সড়কপথে অনেক জায়গায় রাস্তা খারাপ হওয়ায় পণ্য নষ্ট কিংবা পণ্যের গুণগত মান নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। কিন্তু নৌপথ এক্ষেত্রে নিরাপদ। ট্রাকে পণ্য পরিবহণে একাধিকবার লোডিং ও আনলোডিংয়ের প্রয়োজন পড়ে। এতে পণ্যের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু নৌপথে পণ্য পরিবহণে পণ্যের গুণগতমান ভাল থাকে।
এদিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদী-সুমদ্রপথেই অর্থনীতির নয়া ভিত গড়ছে বর্তমান সরকার। যা গত ১২ বছরে প্রমাণিত হয়েছে। অভ্যন্তরীণ নৌপথ ড্রেজিং করে সচল রাখার চেষ্টা করা হচ্ছে। ৯৫ ভাগ পণ্য পরিবহন হয় নদী-সুমদ্রপথে। করোনা মহামারির মধ্যে সমস্ত পথ বন্ধ থাকলেও নৌপথ কিন্তু বন্ধ হয়নি।


