বাংলাদেশ সোসাইটির ইফতার-মাহফিল অনুষ্ঠানে সরকারি অনুদান পাওয়ার ঘোষণা

সন্ধান২৪.কমঃ

প্রথমবারের মতো সরকারি অনুদান পেয়েছে নিউইয়র্কভিত্তিক প্রবাসীদের আমব্রেলা  সংগঠন হিসেবে পরিচিত ‘বাংলাদেশ সোসাইটি’। নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি থেকে ২০ হাজার ডলারের অনুদান চেক গ্রহণের মধ্য দিয়ে সংগঠনটির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এই প্রথম কোন সরকারী অনুদান পেল সংগঠনটি। রবিবার (১ মার্চ) সোসাইটি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে কুইন্স থেকে নির্বাচিত স্টেট অ্যাসেম্বলিমেম্বার জেনিফার রাজকুমার আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করেন।

কুইন্সের জয়া পার্টি হলে বাংলাদেশ সোসাইটির ইফতার-মাহফিল উপলক্ষে এ আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম এবং স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেনিফার রাজকুমার , নিউইয়র্ক ষ্টেটের আইন প্রণেতা জন ল্যু, সোসাইটির ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান শাহনেওয়াজ, শামসুল হক, কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট-লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, দোয়া ও ইফতার মাহফিল উপ কমিটির আহ্বায়ক মোঃ কামরুজ্জামান কামরুল ও সদস্য সচিব  অনিক রাজ প্রমূখ।

দোয়া ‍পরিচালনা করেন শহীদুল হক।

চেক হস্তান্তর অনুষ্ঠানে জেনিফার রাজকুমার বলেন, নিউইয়র্ক সিটিতে বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন হিসেবে বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে কমিউনিটির কল্যাণে কাজ করে আসছে। সংগঠনের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই প্রথমবারের মতো স্টেট অ্যাসেম্বলি থেকে উল্লেখযোগ্য অঙ্কের এই অনুদান সংগ্রহ করা সম্ভব হয়েছে। আমেরিকান এই আইনপ্রণেতা বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও কমিউনিটির উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট সিনেটের সদস্য জন ল্যু  প্রবাসী বাংলাদেশিদের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং কমিউনিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সোসাইটির কর্মকর্তা , ট্রাষ্টি বোর্ডের সদস্য, প্রাক্তণ ও সাবেক কর্মকর্তা এবং সুধীজনদের পরিচয় করে দেয়া হয়।

দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান সফল করতে   আহ্বায়ক মোঃ কামরুজ্জামান কামরুলকে আহ্বায়ক, মোহাম্মদ হাসান জিলানীকে যুগ্ম আহ্বায়ক,অনিক রাজকে সদস্য সচিব, আবুল কাশেম চৌধুরীকে যুগ্ম সদস্য সচিব, ডিউক খানকে প্রধান সমন্বয়কারী, হাসান খানকে সমন্বয়কারী করে  একটি উপ-কমিটি গঠন করা হয়।

 

অনুষ্ঠানে সর্বস্তরের প্রবাসীদের বিপুল সমাগম ঘটে।

 

 

Exit mobile version