সন্ধান২৪.কমঃ চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল একসঙ্গে অর্ধডজনেরও বেশি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। সম্প্রতি তার গল্পে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘অমানুষ হলো মানুষ’ সিনেমার শুটিং এবং ডাবিং শেষ হয়েছে। এ সিনেমার কাজ শেষ হতেই নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন ডিপজল। আগামীকাল থেকে তার নতুন সিনেমা ‘বাংলার হারকিউলিস’-এর শুটিং শুরু হচ্ছে। এ সিনেমাটিও পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর। এর গল্পও ডিপজলের। তিনি জানান, এর গল্পটি পুলিশি-থ্রিলার ধাঁচের। গল্পে বিভিন্ন ধরনের ট্যুইস্ট থাকবে। এতে নায়িকা হিসেবে থাকবেন মৌ খান। এছাড়া তরুণ নায়ক হিসেবে থাকবে নাদিম। নায়িকা হিসেবে ডিপজলের সিনেমায় এটি মৌ খানের দ্বিতীয় সিনেমা। ডিপজল জানান, নতুন সিনেমাটির শুটিং অমানুষ হলো মানুষÑএর মতোই একটানা শেষ করা হবে। তিনি বলেন, আমি আমার ঘোষণা মতোই একের পর এক সিনেমার কাজ শুরু করেছি। প্রথমে সাতটি সিনেমার ঘোষণা দিলেও এখন এ সংখ্যাটি আরও বাড়বে। এসব সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে সিনেমার যে সংকট চলছে, নতুন সিনেমার অভাবে হল বন্ধ হয়ে আছে, এ সংকট কিছুটা হলেও দূর হবে। তিনি বলেন, আমি সিনেমা বানাই দর্শকের চাহিদা ও মনমতো।


