বাইডেনের শপথ অনুষ্ঠান পন্ড করা ট্রাম্প সমর্থকদের লক্ষ্য এবার

সন্ধান২৪.কমঃ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকরা আরও বেপরোয়া হয়ে উঠেছে । যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে নজিরবিহীন হামলার পর এবার তারা নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের দিনে ফের ওয়াশিংটনে হাজির হওয়ার প্রতিজ্ঞা করেছে।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বাইডেন। ওই দিনই ট্রাম্পের মেয়াদ শেষ হবে।  এই অনুষ্ঠান ভুন্ডুল করতে তারা ‘ট্রাম্প নয়ত যুদ্ধের’ ডাক দিয়েছে।  একজোট হওয়ার জন্য নিজেদের মধ্যে যোগাযোগে তারা নানা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ ‘পার্লার’ এ এক ট্রাম্প সমর্থক লেখেন, ‘‘১৯ জানুয়ারি ২০২১ আমাদের অনেকে ফিরে আসবে, আমাদের জাতীয় সংকল্পের সমর্থনে আমরা অস্ত্র নিয়ে আসব, যেটা এই বিশ্ব কোনোদিন ভুলতে পারবে না!!! আমরা এত সংখ্যায় আসব যে, কোনও সেনাবাহিনী বা পুলিশ বাহিনী তার মোকাবেলা করতে পারবে না।”

এনবিসি নিউজ জানায়, পার্লার, টেলিগ্রাম চ্যাট রুমস এবং দ্যডনাল্ড ডট উইন এর মত অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে গত ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়েছিল ট্রাম্প সমর্থকরা। পরে তারা ক্যাপিটলে তাণ্ডব চালায়। বিশ্বকে স্তব্ধ করে দেওয়া ওই তাণ্ডবে এক পুলিশসহ পাঁচ জন নিহত হন।

মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে গত বুধবারের ওই হামলায় কট্টর-ডাপন্থি কিউএনন ষড়যন্ত্র তত্ত্ববাদে বিশ্বাসী এবং নানা চরমপন্থি দলের সঙ্গে জড়িত ব্যক্তিরা অংশ নেন।

দ্য ডনাল্ড ডট উইন এ অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি পোস্ট করেন, ‘‘দ্বিতীয় দফা হবে ২০ জানুয়ারি। এবার কোনও দয়া দেখানো হবে না। আমি এমনকি ট্রাম্পকে ক্ষমতায় রাখা নিয়েও মাথা ঘামাচ্ছি না। আমার মূল লক্ষ্য যুদ্ধ।”

এনবিসি নিউজ লিখেছে, ওই পোস্টের নিচে যেসব মন্তব্য পড়েছে তা দেখে মনে হচ্ছে বুধবারের হামলাকারীদের তারা ‘বীরের’ সম্মান দিচ্ছেন।

ট্রাম্পের এই উগ্র সমর্থকদের নিয়ে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীও উদ্বেগের মধ্যে আছে। তারা ক্যাপিটল ভবনে তাণ্ডব চালানো ব্যক্তিদের খুঁজে বের করে গ্রেপ্তারের করছে। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

 

 

Exit mobile version