সন্ধান২৪.কমঃ পুলিশের হেফাজতে থাকা রাজেশ রায় নামের ২২ বছরের এক যুবক আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজের পরা লুঙ্গি সিলিং ফ্যানের সঙ্গে বেঁধে গলায় তিনি ফাঁস দেন বলে তাঁর পরিবার ও পুলিশ জানায়। বাবাকে মারধর করায় পুলিশ তাঁকে ধরে নিয়ে আসার পরপরই তিনি আত্মহননের পথ বেছে নেন।
রাজেশকে বিকেলে ঝালকাঠি সদর থানায় এনে হেল্পডেস্কে রাখা হয়েছিল। ওই কক্ষে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক বলেন।
নিহতের বাবা ৫০ বছর বয়সী অমল রায় বলেন, রাজেশ নেশা করত। তাঁকে মাদক নিরাময় কেন্দ্রে রেখে চিকিৎসাও করা হয়। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। বিকেলে টাকার জন্য সে আমাকে মারধর করে। তখন আমি ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যান। সেখানে সে আত্মহত্যা করেছে।
ঘটনার সময় থানায় অবস্থান করা প্রতিবেশী ইকবাল হোসেনও বলেন, রাজেশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সদর থানার ওসি খলিলুর রহমান বলেন, রাজেশের ঘটনায় একটি অপমৃত্যু মামলা করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর নামে সদর থানায় আগেও একটি মামলা ছিল। সেই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন তিনি।
