সন্ধান২৪.কম: ডেস্ক: জেহাদ নিয়ে উদবুদ্ধ এবং বাল্যবিবাহ করার জন্য সমাবেশ হয়েছে বাংলাদেশের কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় !এ ঘটনায় গ্রেফতার কর হয়েছে ১৭ জনকে।
পুলিশ সূত্রে জানা যায় , রবিবার বিকেলে মিঠামইন উপজেলার ডাকবাংলোর সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। সেই সময়েই ১৭ জনকে পাকড়াও করা হয়। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে উগ্র মৌলবাদের বিভিন্ন প্রচারপত্র, ব্যানার এবং জিহাদি বইপত্র পাওয়া গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধি আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্রের খবর, কোরান এবং হাদিসের ভুল ব্যাখ্যা দেওয়া হয় ওই সমাবেশ থেকে। বিয়ের বয়সের ব্যাপারেও মনগড়া তথ্য দেওয়া হয় ।বাল্যবিবাহের সমর্থনে প্রচার করা হয় বলেই অভিযোগ। এমনকী বিয়ের বয়স নিয়ে সরকারি যে আইন আছে তারও বিরোধিতাও করা হয় ওই সমাবেশে! এ প্রসঙ্গে মিঠামইন থানার ওসি জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন লিফলেট পাওয়া গিয়েছে। ওই প্রচারপত্র দেখেই পুলিশ জানতে পারে যে বাল্যবিবাহের সমর্থন করা হচ্ছিল ওই সমাবেশে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, যাদের গ্রেফতার করা হয়েছে তারা বিভিন্ন উগ্রবাদী সংগঠনের সদস্য।
গ্রেফতার ১৭ জন হলেন- নিকলীর মো. আনিছুর রহমান (৪৩), মো. মুজিবুর রহমান (৫০), আজহারুল ইসলাম (২৩), মো. ইসলাম উদ্দিন (৪১), মো. রইছ উদ্দিন (৬০), মো. হারুন অর রশিদ (৩৫), মো. আব্দুর রশিদ (৪০), মো. সাইদুর রহমান (৫২), আব্দুস সাত্তার (৫২), মো. আব্দুল হাসিম (৫২), মো. আশরাফ আলী (৬১), মো. মজিবুর রহমান (৫২); কটিয়াদীর মিজানুর রহমান খান (৫৫); অষ্টগ্রামের মহিউদ্দিন (৩২); কিশোরগঞ্জ সদরের ওমর ফারুক (২৬) ও জামাল উদ্দিন (৪০) এবং নরসিংদীর বেলাবো উপজেলার ইমরান হোসাইন (২৯)।
কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার জানান, সোমবার বিকালে অভিযুক্তদের কিশোরগঞ্জ আদালতে পেশ করা হয়েছিল। বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘যাদের গ্রেফতার করা হয়েছে তারা কোনও নিষিদ্ধ সংগঠনের সদস্য কি না তদন্ত করে দেখা হচ্ছে।’


