রোববার সন্ধ্যায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভার বিশদ বিবরণ মানবজমিন-এর হাতে এসেছে। ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম রাজনৈতিক দলের ওয়ার্কিং কমিটির সভাটি যেন মেলোড্রামা’র চেহারা নেয়। সভা আরম্ভ হওয়ার দু’ঘণ্টা আগে কংগ্রেস অফিসের সামনে বিরাট জমায়েতের সৃষ্টি হয় রাহুল গান্ধীকে ক্ষমতায় ফেরানোর দাবি জানিয়ে।
সোনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী একসঙ্গে বৈঠকে আসেন। সোনিয়া বৈঠকের শুরুতেই আবেগপূর্ণ একটি ভাষণ দিয়ে বলেন, কংগ্রেসের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে তারা প্রস্তুত। দল চাইলে গন্ধীরা এখনই ইস্তফা দিতে তৈরি। জি -টোয়েন্টি থ্রি নেতা গোলাম নবী আজাদ এই সময় বলেন যে, সোনিয়া গান্ধীর নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই, প্রশ্ন পার্টি ম্যানেজমেন্ট নিয়ে। রাজস্থানের প্রবীণ নেতা অশোক গেহলতসহ অনেকেই জানান, তারা সোনিয়াকেই চান। রাহুল গান্ধী এরপর সভায় ব্যাখ্যা করেন কিভাবে আঞ্চলিক পার্টিগুলো কংগ্রেসের হাওয়া তাদের নিজেদের পালে নিয়ে নিচ্ছে।
প্রিয়াঙ্কা গান্ধী উত্তরপ্রদেশ নিয়ে তার রিপোর্ট পেশ করেন। বৈঠকে স্থির হয়, সেপ্টেম্বরে কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন হওয়ার আগ পর্যন্ত সোনিয়া গান্ধী সভানেত্রীর পদে থাকবেন। সংসদের বাজেট অধিবেশন শেষ হলেই কংগ্রেস একটি চিন্তন শিবিরের আয়োজন করবে।
