সন্ধান২৪.কম : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে তিন দিনের ভারত সফরে গেছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল । রোববার বিকেল ৫ টার ফ্লাইটে আওয়ামী লীগের পাঁচ সদস্যের দলটি ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যারোমা দত্ত।
এর আগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী সাংবাদিকদের জানান, ‘আমরা রোববার বিকেলে ভারত যাচ্ছি। এটি আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি। বিজেপির আমন্ত্রণে আমরা যাচ্ছি।’
আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, তিন দিনের এই সফরে প্রতিনিধিদলটি ভারতের সরকার ও বিজেপির প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
সরকারের অন্যদের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি জে পি নাড্ডাসহ রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক হবে।
আগামী ৯ আগস্ট প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।
