ফের হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনের আকাশসীমায় কোন দেশ বিমান চলাচল নিষিদ্ধ করলে তা হবে এই যুদ্ধে যোগদানের সামিল। রুশ টিভিতে বক্তব্য রাখার সময় পুতিন এই মন্তব্য করেন। শনিবার (৫ মার্চ) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রুশ এই প্রেসিডেন্ট বলেছেন, ‘কোনো দেশ এই লক্ষ্যে পদক্ষেপ নিলে সেটা এই সশস্ত্র সংঘাতে যোগদান বলে বিবেচনা করা হবে।’
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেনের আকাশসীমায় বিমান চলাচল নিষিদ্ধ করতে ন্যাটোর আপত্তির চরম সমালোচনা করেন।
জেলেনস্কি এর জন্য ন্যাটোর ‘দুর্বলতা’ ও ‘অনৈক্য’কে দায়ী করেছেন।
এদিকে, ন্যাটো বলছে এটা করা হলে আরও বেশি সংখ্যক দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে।
সামরিক দিক থেকে নো-ফ্লাই জোন হচ্ছে এমন এলাকা যেখানে হামলা চালানো বা পর্যবেক্ষণের জন্য বিমান চলাচল নিষিদ্ধ করা হয়।
