২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য ঝুলে ছিল এত দিন। কাল সেই ঝুলে থাকা ভাগ্যের একটা সমাধান হয়েছে। স্থগিত করা হয়েছে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যটা যেন রবীন্দ্রনাথের ছোট গল্পের বর্ণনার মতো—শেষ হইয়াও হইলো না শেষ!
পরপর দুটি টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি আগে থেকেই ছিল। অস্ট্রেলিয়ায় এ বছর আর আগামী বছর ভারতে। করোনাভাইরাস মহামারির কারণে এ বছরের বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ার কারণেই বেধেছে বিপত্তি। ভারত কোনোভাবেই ২০২১ বিশ্বকাপ ছাড়তে চায় না। কারণ ২০২৩ সালে আবার ওয়ানডে বিশ্বকাপ হবে সেখানে। টানা দুই বছরে দুটি বিশ্বকাপ আয়োজন দেশটির জন্য কঠিন হয়ে যাবে। তা ছাড়া সম্প্রচার স্বত্বের জটিলতা তো আছেই।
করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি অস্ট্রেলিয়ায় ২০২২ সালে হয় তাহলে টিকিটের মূল্য পুরোটা ফেরত দেওয়া হবে। আর যদি ২০২১ সালে হয় যারা টিকিট কিনেছেন তারা এই টিকিট দিয়েই খেলা দেখতে পারবেন। আইসিসি তাদের টিকিট পার্টনারদের মাধ্যমে অনেক আগেই অক্টোবর–নভেম্বরের টি–টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করেছিল। এরই মধ্যে টিকিটের বড় একটা অংশ বিক্রি হয়ে গেছে।
