সন্ধান২৪.কমঃ পানিতে ডুবে তিন শিশুসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিন শিশুর মাঝে দুজন আপন বোন। শনিবার (২৬ জুন) কক্সবাজারের টেকনাফ, চকরিয়া ও মহেশখালী উপজেলায় এসব মৃত্যুর ঘটনাগুলো ঘটে।
শনিবার (২৬ জুন) বিকেলে কক্সবাজারের টেকনাফের হ্নীলা রঙিখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। রঙিখালী লামারপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মারা যাওয়াদের মধ্যে রঙিখালী এলাকার নুরুল কবিরের দুই মেয়ে কমলা আক্তার (৪) ও জান্নাতুল ফেরদৌস (৮)। জান্নাত রঙিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ২টার দিকে দুই বোন মিলে লামারপাড়ায় খেলছিল। পাশেই মাটি বিক্রি করা বড় গর্তে জমা পানিতে পড়ে যায় ছোটবোন কমলা। তাকে তুলতে ঝাঁপিয়ে বড় বোন জান্নাত। এরপর দুবোন একসাথে ডুবে মৃত্যুর কোলে ঢলে পড়ে। দীর্ঘ সময় তারা বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে সেই গর্ত থেকে দুই বোনের লাশ উদ্ধার করা হয়।
অপরদিকে, চকরিয়ায় বাড়ির পুকুরের পানিতে ডুবে আনাস মোহাম্মদ (৪) নামে এক শিশু মারা গেছে। উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের গান্ধীপাড়ায় শনিবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু আনাস ওই এলাকার মাওলানা বেলাল উদ্দিনের ছেলে।


