সন্ধান২৪.কম : গত ২৫ মে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৬ বছরের এক কিশোরকে তুলে নিয়ে বলাৎকার করে স্থানীয় যুবলীগ নেতাসহ তিনজন। এ ঘটনায় মামলা দায়ের করা হলেও বাদি ও ওই কিশোরের বাবাকে অভিযুক্তরা মামলা তুলে নিতে প্রতিদিন নানাভাবে হয়রানি ও হুমকি দিচ্ছে। কিশোরের পরিবার যুবলীগের নেতার ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে।
অভিযুক্তরা হলেন, বিজয়নগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. কাউছার মিয়া, এই উপজেলার সাতগাঁও গ্রামের ইয়াছিন মিয়া ও লোকমান মিয়া। উপলোর চান্দুরা ইউনিয়নের আলাদাউপুর গ্রামের আব্দুল্লাহপুর এলাকায় এ ঘটনা ঘটে। আদালতের নির্দেশে মামলাটির তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন বাড়ি ফেরার পথে আব্দুল্লাহপুর এলাকায় তাকে আটকে জোরপূর্বক বলাৎকার করে অভিযুক্তরা। এসময় কিশোরটির চিৎকারে লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। ঘটনাটি গ্রামের প্রভাবশালী মাতব্বরদের অবহিত করলেও করোনার অজুহাতে তারা টালবাহানা শুরু করেন। পরে বিজয়নগর থানায় অভিযোগ দিতে গেলে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলার পরামর্শ দেয় থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা সালমান তারেক বাদি হয়ে ৯ সেপ্টেম্বর তিনজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। পরে আদালত পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেয়।
