সন্ধান২৪.কম : আমেরিকায় ক্রমেই বাড়ছে এমন এক মাদকের নেশা যার প্রভাবে নেশাচ্ছন্নরা প্রায় জম্বিদের মতোই আচরণ করছেন! যত সময় যাচ্ছে ততই যেন যুক্তরাষ্ট্রে আতঙ্কের মাত্রা বাড়াচ্ছে ভয়ংকর ‘জম্বি ড্রাগে’র নেশা।
গত ১৮ মাসে এই ‘জম্বি ড্রাগে’র ছোবলে কেবল ফ্লোরিডাতেই অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে ! এর ওভারডোজের শিকার হয়েছেন ১৫০ জনেরও বেশি! ক্রমাগত এই ভয়ঙ্কর নেশায় ছাত্র-যুবকরা আসক্ত হওয়ায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়ছেন।
মাদকের নেশায় মানুষ হয়ে উঠছে ‘জম্বি’! ‘জম্বি ড্রাগে’র মাদককে বলা হয় ‘মানুষখেকো’। কেননা এর ফলে সারা শরীরের ত্বকে সৃষ্টি হতে থাকে মারাত্মক ক্ষত। কী হয় ‘ট্রাঙ্ক’ নামে পরিচিত এই মাদক খেলে ? বলা হচ্ছে, এর নেশায় টানা ঘুমোতে থাকেন নেশাগ্রস্থ। সেই সঙ্গেই তাঁর শ্বাসযন্ত্রও দুর্বল হতে শুরু করে। নিয়মিত নেশা করলে সর্বক্ষণ একটা ঝিমুনি ভাব থাকে। সেই সঙ্গে মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে যেতে থাকে! এই সময় তাঁরা প্রায় জম্বির মতোই আচরণ করতে থাকেন। কেউ চিৎকার করতে থাকেন। কেউ রাস্তার মধ্যে দাঁড়িয়ে হাত-পা বেঁকিয়ে ও মাথা নিচু করে গোঙাতে থাকেন। ক্রমে নেশা থেকে বেরতে না পারলে মৃত্যু অবধারিত।
এই ওষুধের আসল নাম জাইলিন। আসলে গরু, ঘোড়ার মতো প্রাণীদের ঘুম পাড়াতে অর্থাৎ ট্রাঙ্কুলাইজার হিসেবেই এর ব্যবহার। কিন্তু ক্রমে এটা প্রবেশ করে যুক্তরাষ্ট্র বেআইনি মাদকের দুনিয়ায়। এটার সঙ্গে ফেন্টানাইল মিশিয়ে তৈরি হয় ভয়ংকর মাদক। যার ব্যবহার ক্রমেই বাড়তে থাকে। আর এখন তা রীতিমতো আতঙ্কের সৃষ্টি করতে শুরু করেছে আমেরিকায়। যা নিয়ে উদ্বিগ্ন গোটা আমেরিকার প্রশাসন।
