ভারতীয় শিবিরে গভীর ক্ষত তৈরি হয়েছে

সন্ধান২৪.কম : “অ্যাডিলেডে ৩৬ রানে ইনিংস শেষ হয়ে যাওয়ায় গভীর ক্ষত তৈরি হয়েছে ভারতের আত্মবিশ্বাসে” অস্ট্রেলিয়া দলের সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়এই ধারণা। এই পরিস্থিতিতে দলকে টেনে তোলার মতো নেই কোন ক্রিকেটার। কারণ, বিরাট কোহলি দেশে ফিরছেন সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে পন্টিং বলেছেন, ‘প্রথম টেস্টে এভাবে হারের পরে গভীর ক্ষত তৈরি হয়েছে ভারতীয় শিবিরে। সিরিজ ৪-০ হওয়ার সুযোগ অবশ্যই রয়েছে। আশা করি, মেলবোর্ন টেস্টেও মীমাংসা হবে। যদি অস্ট্রেলিয়ার পক্ষে যায়, তা হলে শেষ দুটি টেস্টে ভারত আরও বিপদে পড়তে পারে। সেই জায়গা থেকে ভারত ঘুরে দাঁড়াতে পারবে কিনা জানি না।’

কোহলিকে ছাড়া ভারত কীভাবে এই চাপ সামলায় সেটাও দেখতে চান পন্টিং। তার কথায়, ‘বিরাট ছাড়া ভারতীয় দল কী রকম আচরণ করে সেটাও জানা প্রয়োজন। আমার ধারণা, ভারতের জন্য এই পরীক্ষা সত্যি কঠিন। এই জায়গা থেকে ওদের তুলে ধরার মতো কেউ নেই।’

প্রথম টেস্টে ভারতীয় ব্যাটিংয়ের ভরাডুবির পর অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক চান, দলে আরও দুটি পরিবর্তন করুন অজিঙ্কা রাহানেরা।

তিনি জানিয়েছেন, একবার জয়ের গন্ধ পেয়েছে অস্ট্রেলিয়া। তারা এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। তবে ডেভিড ওয়ার্নার ফিরে এলে অস্ট্রেলিয়াও যে দল বাছাই নিয়ে সংকটে পড়বে তা নিয়ে সন্দেহ নেই। কারণ, ওপেনার জো বার্নস ছন্দে ফিরেছেন। ম্যাথু ওয়েড শুরুটা খারাপ করেননি। পন্টিংয়ের তাই মত, ‘ওয়ার্নার ফিট হলে নিঃসন্দেহে ওকে দলে নেয়া উচিত। তখন গ্রিন ও ওয়েডের মধ্যে কোন একজনকে রাখার সিদ্ধান্ত নিতে হবে। পুকভস্কি ফিট হলেও খেলানো হোক বার্নসকে। এতদিন ওর ছন্দে ফেরার অপেক্ষাই করা হচ্ছিল। এই ছোট কয়েকটি সিদ্ধান্ত ঠিকঠাক নিলেই অস্ট্রেলিয়ার কোন সমস্যা থাকবে না। কিন্তু ভারতের চাপ অনেক বেশি। অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে ভাবতে হবে ওদের।’ ওয়েবসাইট।

 

Exit mobile version