সন্ধান২৪.কম ডেস্ক : ভারতে করোনার কারণে অক্টোবরে-নভেম্বরে দেশের মাটিতে হতে চলা টি-২০ বিশ্বকাপ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চিয়তা। কিন্তু টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী আশাবাদী। তাঁর কথায়, ‘এখনও হাতে অনেক সময় আছে। আশা করছি এই পরিস্থিতি বদলাবে। ভারতেরই হবে টি-২০ বিশ্বকাপ।’

গত সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল বলেছেন, কোভিড পরিস্থিতিতে ভারত থেকে টি-২০ বিশ্বকাপ সরিয়ে নিতে পারে আইসিসি। এই প্রসঙ্গে রবি শাস্ত্রীর মত, ‘করোনার দ্বিতীয় ঢেউ সত্যিই ভয়ঙ্কর। তবে ধীরে ধীরে প্রকোপ কমবে। ১৫ মে’র মধ্যে ভারতে কোভিড আক্রান্তের গ্রাফ সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। তারপর কী হয় দেখা যাক। বিশ্বকাপ হবে অক্টোবরে। ততদিনে ৭৫- ৮০ শতাংশ ভারতবাসী টিকা নিয়ে নেবেন। তাই এখন থেকেই টি-২০ বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেওয়ার কথা না ভাবাই ভালো।’আইপিএল সুষ্ঠুভাবে আয়োজনের উপর নির্ভর করছে টি-২০ বিশ্বকাপের ভবিষ্যৎ। রবি শাস্ত্রী বলছেন, ‘আইপিএল ঠিকঠাক শেষ হলেই বিশ্বকাপ আয়োজন নিয়ে আশঙ্কা অনেকটাই দূর হবে।
ইতিমধ্যে আইপিএলে থাবা বসিয়েছে করোনা। অস্ট্রেলিয়ান তারকা অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন, অ্যান্ড্রু টাই দেশে ফিরে গিয়েছেন। শাস্ত্রী বলছেন, ‘কোনও সন্দেহ নেই, করোনা ধীরে ধীরে একটা উচ্চতায় উঠছে। অতি দ্রুত এই ভাইরাসের ঢেউ সর্বোচ্চ সীমায় পৌঁছাবে। বিশ্বকাপ সংগঠনের জন্য আইসিসি’কে ৬-৯ মাসের পরিকল্পনা নিয়ে এগোতে হবে।’তবে জৈব সুরক্ষা বলয়ে বিশ্বাসী নন রবি শাস্ত্রী। তাঁর মতে, একটানা সুরক্ষা বলয়ে থাকলে ক্লান্তি চলে আসে। টি-২০ বিশ্বকাপে এই সুরক্ষা বলয় এড়িয়ে যেতে পারলেই ভালো।