
সন্ধান২৪.কম ডেস্ক: বিশ্বজুড়ে মহামারীর মধ্যে কি আইপিএল আয়োজিত হবে? নাকি চলতি বছর বাতিলই হয়ে যাবে টুর্নামেন্ট? দীর্ঘদিন ধরে এ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে বিসিসিআইয়ের (BCCI) বৈঠকে ঠিক হয়, আইসিসি চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত নিলে অক্টোবর-নভেম্বরেই বসবে আইপিএলের আসর। তবে ভারতে নয়। ফের বিদেশের মাটিতে হবে টুর্নামেন্ট।
চলতি বছর আইপিএল আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছিল শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরশাহী। বলা হয়েছিল, করোনার প্রকোপের জন্য ভারতে টুর্নামেন্ট করতে সমস্যা হলে তারা তার দায়িত্ব নিতে রাজি। কিন্তু বিসিসিআই চাইছিল, দেশেই হোক টুর্নামেন্ট। এতে মহামারীতে হওয়া আর্থিক ক্ষতি থেকে নিজেদের অনেকটাই টেনে বের করা যাবে। কিন্তু শুক্রবারের বৈঠকে বোর্ড আধিকারিকরা অন্য পথে হাঁটলেন। সব ঠিকঠাক থাকলে এবারের ভেন্যু হিসেবে আরব আমিরশাহীকেই বেছে নিচ্ছে বোর্ড।


