সন্ধান২৪.কমঃ ভারতের মহারাষ্ট্রের গাধচিরোলি জেলায় পুলিশের কমান্ডো ও মাওবাদী গেরিলাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে অন্তত ১৫ জন মাওবাদী নিহত হয়েছে।
পুলিশ বলে, জঙ্গলে কমপক্ষে ২৫ জন মাওবাদী গা-ঢাকা দিয়েছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে যায় তারা। এটাপল্লীর জঙ্গলে ঢুকতেই জওয়ানদের লক্ষ্যে করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় পুলিশও। দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে। ঘণ্টাখানেক ‘বন্দুকযুদ্ধ’ শেষে ১৫ মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়।

বাকি সশস্ত্র মাওবাদীরা আশপাশের জঙ্গলে পালিয়ে যায় বলে জানিয়েছেন গড়চিরোলি পুলিশের সুপারিনটেন্ডেন্ট অঙ্কিত গয়াল। তাদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি। গড়চিরোলি পুলিশের ডিআইজি সন্দীপ পাটিল জানিয়েছেন, মাওবাদীদের খোঁজে তল্লাশি চলছে। গত ২৯ মার্চ গড়চিরোলিতেই মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে দুই নারীসহ পাঁচ মাওবাদী নিহত হয়। ওই সময় তল্লাশি চালিয়ে প্রেসারকুকার বোমা, তিন শতাধিক কার্তুজ, একটি একে-৪৭ রাইফেল, একটি .১২-বোরের রাইফেল, একটি .৩০৩ রাইফেল, একটি ৮ মিমি. রাইফেল, গোলাবারুদসহ বেশকিছু নথি এবং বই উদ্ধার করে পুলিশ। গড়চিরোলিতে দুই মাস আগে এক বন্দুকযুদ্ধে ২ নারীসহ ৫ মাওবাদী সশস্ত্র গেরিলা নিহত হয়েছে।